বারুইপুরে পুলিশের জালে ২০

আরও এক অভিযুক্ত কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। মামলায় আরও এক অভিযুক্ত কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে এসটিএফ (STF), বারুইপুর এসওজি (SOG) এবং জেলা পুলিশ। এই গ্রেফতারের পর মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত কবীর মোল্লা আত্মগোপনে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী বসিরহাটে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। ধৃতকে বারুইপুরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশের ওপর হামলার অভিযোগেও কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।