দান তছরুপ বিতর্কেও কমেনি ভক্তসমাগম, দাবি রামলালার পুরোহিতের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অযোধ্যার রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হলেও তার কোনও প্রভাব ভক্তদের উপস্থিতিতে পড়েনি বলে দাবি করলেন রামলালার পুরোহিত সন্তোষ তিওয়ারি। তাঁর বক্তব্য, প্রতিদিনের মতোই বিপুল সংখ্যক ভক্ত দর্শনে আসছেন এবং মন্দিরের স্বাভাবিক কাজকর্মও নির্বিঘ্নে চলছে।
শুক্রবার তিনি বলেন, অনুদানের বাক্সে কত অর্থ জমা পড়েছে বা তার হিসাব সংক্রান্ত বিষয়ে পুরোহিতদের কোনও ভূমিকা নেই। সেই দায়িত্ব সম্পূর্ণভাবে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যদের। ফলে অনুদানের হিসাব বা তদন্ত নিয়ে মন্তব্য করার অধিকারও তাঁদের নেই।
তিওয়ারির দাবি, সাম্প্রতিক বিতর্ক বা ট্রাস্টের কয়েকজন সদস্যের ইস্তফার কারণে রামভক্তদের বিশ্বাসে কোনও চিড় ধরেনি। তাঁর কথায়, প্রতিদিনের মতোই মন্দিরে ভিড় হচ্ছে এবং ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখর থাকছে গোটা প্রাঙ্গণ। তিনি আরও বলেন, ‘‘কয়েক জন ট্রাস্ট সদস্য পদত্যাগ করেছেন বলে মন্দির পরিচালনায় কোনও সমস্যা তৈরি হয়নি। যাঁরা অন্য কথা ভাবছেন, তাঁরা ভুল ভাবছেন।’’

উল্লেখ্য, অনুদানের অর্থ তছরুপের অভিযোগ সামনে আসার পর গত সোমবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্রের ইস্তফা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানান, এই ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত। তাঁর মতে, অর্থের পরিমাণ বড় বিষয় নয়, বরং মন্দিরের মতো পবিত্র প্রতিষ্ঠানে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়াই সবচেয়ে উদ্বেগের।
এদিকে, উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা পড়া বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) প্রাথমিক রিপোর্টে অনুদান গণনার সময় চুরি ও অর্থ তছরুপের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, আর্থিক নথি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তৈরি ওই রিপোর্টে ২৭ এপ্রিল থেকে ৫ জুনের মধ্যে প্রায় ৭০টি অনিয়মের ঘটনার উল্লেখ রয়েছে।
এই অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে দায়ের হওয়া একাধিক মামলা আগামী ১৩ জুলাই শুনবে সুপ্রিম কোর্ট।