হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ভারতীয় নাবিক; ইরানি কূটনীতিককে তলব ভারতের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু এবং কয়েকজনের আহত হয়েছেন। এই ঘটনায় তীব্র কূটনৈতিক পদক্ষেপ করল ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের সদর দফতরে ইরানের উপ-রাষ্ট্রদূত (ডেপুটি চিফ অব মিশন) মোহাম্মদ জাভাদ হোসেনি সহ ইরানি কূটনীতিকদের তলব করা হয়। বৈঠক শেষে তাঁরা বিদেশ মন্ত্রক ছেড়ে বেরিয়ে যান।
ইউএই প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ওমানের জলসীমার মধ্যে হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে চলাচলের সময় ‘মোমবাসা’ ও ‘বাহিয়া’ নামে দুটি জাহাজকে লক্ষ্য করে ইরানের দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ‘মোমবাসা’ জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আট জন, যাঁদের মধ্যে ছয় জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনের নাগরিক। চার ভারতীয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার জেরে দুটি জাহাজেই ভয়াবহ আগুন লাগে। পরে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনলেও জাহাজ দু’টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে কড়া ভাষায় নিন্দা করেছে ইউএই। আবু ধাবি স্পষ্ট জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।
ঘটনার জেরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে ইরানের সংবাদমাধ্যম দাবি করেছিল, নিয়মভঙ্গকারী একাধিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে মার্কিন বাহিনীও ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা করেছেন। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী নির্দিষ্ট পণ্যবাহী জাহাজের উপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপের কথাও জানিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে বাড়তে থাকা সংঘাত বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।