জুতোর মালা ও কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হল বাজারে!

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্যাকে প্রকাশ্যে অপদস্থ করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। শনিবার বাসন্তীর চৌরঙ্গী সুপার মার্কেট এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্য সুষমা মণ্ডলকে কোমরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও দড়ি বেঁধে ঘোরানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ঝড়খালি কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ঐ মহিলা।
স্থানীয় সূত্রে খবর, সুষমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল। এছাড়াও, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিরোধী সমর্থকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। বিশেষ করে বিরোধী দলের মহিলাদের নিয়ে করা তাঁর কথিত মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ দীর্ঘদিন ধরেই ছিল বলে দাবি বাসিন্দাদের একাংশের।
অভিযোগ, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে এদিন উত্তেজিত জনতার একাংশ তাঁকে ধরে কোমরে দলীয় পতাকা ও দড়ি বেঁধে চৌরঙ্গী সুপার মার্কেট এলাকায় ঘোরায়। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ মোবাইলে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
খবর পেয়ে দ্রুত ঝড়খালি কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই তৃণমূল নেত্রীকে উদ্ধার করে। পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে রাতেই ঝড়খালি কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুসমা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত কাউকেই আটক বা গ্রেফতার করেনি পুলিশ।