সংসদ অভিযানের পর কড়া বার্তা, দোষীদের কঠোর শাস্তির পক্ষে প্রধানমন্ত্রী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতির পর অবশেষে নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, “নিট প্রশ্নফাঁস ‘মহাপাপ’। এই প্রবণতা রোখা গোটা দেশের দায়িত্ব।” বৈঠক শেষে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে জানান, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মোদী।
সংসদ ভবনের লাইব্রেরি ভবনের জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শিশু ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ওপরও জোর দেন। তাঁর কথায়, “ভুল পথে চলে যাওয়া সহজ, কিন্তু সঠিক পথে ফিরে আসা অনেক কঠিন। তাই তাঁদের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।” একইসঙ্গে তিনি এমন একটি স্বচ্ছ ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ না থাকে।
সোমবার নিট-ইউজি প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপির ডাকা সংসদ অভিযানকে কেন্দ্র করে রাজধানী দিল্লি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনের মঞ্চে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক, যিনি এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।
সংসদ অভিযানের দিন দিল্লির বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়। চার জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা, ব্যারিকেড, বিপুল পুলিশ মোতায়েন এবং কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বিক্ষোভকারীদের একাংশ সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ পর্যন্ত তাঁদের আটকে দেয় পুলিশ। বহু আন্দোলনকারীকে আটকও করা হয়।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার সঙ্গে বৈঠকেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি সিজেপি। আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানালেও তা নাকচ করে দেয় সংগঠনটি। হাসপাতাল থেকে হাতে লেখা বার্তায় সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারীদের সংসদ ভবনে সাংসদদের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়া পর্যন্ত তাঁর অনশন চলবে। পাশাপাশি পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি।
বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদ চত্বরে এই বিক্ষোভ জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সেই আবহেই প্রথমবার নিট প্রশ্নফাঁস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।