ছাত্র বিক্ষোভে বন্ধ সুপ্রিম কোর্ট মেট্রো

প্রয়োজনে নিজেই হস্তক্ষেপের বার্তা প্রধান বিচারপতির

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ছাত্র বিক্ষোভের জেরে দিল্লিতে একের পর এক মেট্রো স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আইনজীবী, আদালতের কর্মী এবং বিচারপ্রার্থীরা। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন দ্রুত চালু করার বিষয়ে প্রয়োজনে নিজেই হস্তক্ষেপ করবেন বলে জানিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির সময় বিষয়টি উত্থাপন করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি বিকাশ সিং। তিনি আদালতকে জানান, মেট্রো স্টেশন বন্ধ থাকায় আদালতে পৌঁছতে প্রবল সমস্যায় পড়ছেন আইনজীবী ও আদালতের কর্মীরা। তাঁর প্রস্তাব ছিল, যাঁদের কাছে সুপ্রিম কোর্টে প্রবেশের বৈধ ‘প্রক্সিমিটি কার্ড’ রয়েছে এবং আদালতের রেজিস্ট্রির কর্মীদের অন্তত নিরাপত্তা পরীক্ষা সাপেক্ষে স্টেশন থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হোক। অন্য যাত্রীদের বিকল্প পথে যেতে বলা যেতে পারে।

তার জবাবে প্রধান বিচারপতি জানান, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট প্রশাসনকে অবহিত করেছেন। প্রশাসন দিল্লি মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। তবে দুপুর পর্যন্ত কোনও সমাধান না হলে তিনি নিজেই বিষয়টিতে হস্তক্ষেপ করবেন বলে স্পষ্ট বার্তা দেন।

একই সঙ্গে প্রধান বিচারপতি আরও জানান, বর্তমান পরিস্থিতির কারণে কোনও আইনজীবী আদালতে উপস্থিত হতে না পারলে, তাঁদের বিরুদ্ধে এ দিন কোনও বিরূপ নির্দেশ বা প্রতিকূল আদেশ জারি না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অনুপস্থিতির কারণে কোনও আইনজীবী যাতে সমস্যায় না পড়েন, সে দিকেও নজর রেখেছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, রাজধানীতে চলতে থাকা ছাত্র আন্দোলনের জেরে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকালেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) সুপ্রিম কোর্ট-সহ মোট ১৬টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করে। তার জেরেই আদালত চত্বরে যাতায়াত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।