শংসাপত্র দুর্নীতিতে অভিযান হাওড়ায়

জন্ম-মৃত্যু শংসাপত্রে দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি, হাওড়া পুরসভায় পুলিশি অভিযান

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। পঞ্চায়েত থেকে পুরসভা ও পুরনিগম— একাধিক সরকারি দফতরে নথি খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়ো বা অনিয়মিতভাবে জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে। সেই অভিযোগের সূত্র ধরেই বুধবার হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগে তল্লাশি চালায় পুলিশ।

তদন্তকারী সূত্রের খবর, জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ফাইল পরীক্ষা করে দেখা হচ্ছে। কোন কোন আবেদন দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল, কোথায় অনিয়ম হয়েছে এবং কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করা হবে বলে জানা গিয়েছে।

এ দিন হাওড়া পুরসভায় গিয়ে রাজ্যের মন্ত্রী রুদ্রনীল ঘোষ অভিযোগ করেন, পুরসভার বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলেছে। তাঁর দাবি, শুধু জন্ম-মৃত্যু শংসাপত্র নয়, একাধিক পরিষেবার ক্ষেত্রেই অনিয়মের অভিযোগ রয়েছে। সব তথ্য জনসমক্ষে আনা হবে এবং প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও অভিযোগ করেন, ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার আগে হঠাৎ করেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের চাহিদা বেড়ে যায়। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু আধিকারিক ও দালাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে শংসাপত্র পাইয়ে দেওয়ার কারবার চালায়। যদিও ঠিক কত সংখ্যক শংসাপত্র এ ভাবে ইস্যু হয়েছে বা কত টাকা লেনদেন হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, সমস্ত নথি ও রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কারা এই চক্রের সঙ্গে যুক্ত, কোথায় কী ধরনের অনিয়ম হয়েছে এবং ঘুষের অভিযোগ কতটা সত্য, তা তদন্তের মাধ্যমে সামনে আনা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন।

এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে আবেদন করা হয়েছে, জন্ম-মৃত্যু শংসাপত্র পেতে ঘুষ দেওয়ার কোনও প্রমাণ বা তথ্য থাকলে তা পুলিশ বা সংশ্লিষ্ট দফতরে জানাতে, যাতে তদন্তে সহায়তা করা যায়।