নিট দুর্নীতির প্রতিবাদে ধুন্ধুমার, আক্রান্ত আরপ্লাস নিউজ!

নিট দুর্নীতির প্রতিবাদে ধুন্ধুমার কলকাতায়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত ও রক্তাক্ত হলেন আরপ্লাস নিউজের সাংবাদিক ঋক পুরকায়স্থ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে কলকাতায় ৮টি বাম সংগঠনের ডাকা মিছিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত ও রক্তাক্ত হলেন আরপ্লাস নিউজের সাংবাদিক ঋক পুরকায়স্থ। একজন সাংবাদিকের ওপর এই ধরনের হামলা গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত।

নিট (NEET) পরীক্ষায় স্বচ্ছতা ফেরানোর দাবিতে উত্তাল হয়েছে দিল্লির রাজপথ। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। এবার সেই আন্দোলনের আঁচ এসে পড়ল কলকাতায়। শিক্ষা কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। পুলিশি অনুমতি না পেয়ে সেই আন্দোলনেই মিলে গেল ককরোচ জনতা পার্টির সদস্যরা। দিল্লির আন্দোলনের সরাসরি আঁচ যে কলকাতায় এইভাবে এসে পড়বে, তা হয়তো পুলিশ-প্রশাসনও আঁচ করতে পারেনি।

সমাজকর্মী সোনম ওয়াংচুক দীর্ঘ অনশনের মাধ্যমে আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থার ধারাবাহিক গলদের প্রতিবাদেই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হওয়া এই মিছিল যত এগোতে থাকে, ততই তাতে যোগ দিতে থাকেন সাধারণ ছাত্রছাত্রীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক পোস্টার হাতে নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে এগোতে থাকেন তাঁরা।

আন্দোলনকারীদের বক্তব্য, দিল্লির যন্তর মন্তরের কায়দাতেই গোটা দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যতের জন্য এই লড়াই চলবে। সেই কারণেই কলকাতার রাজপথে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।

কিন্তু বামেদের বিভিন্ন সংগঠনের এই মিছিলে একজন কর্তব্যরত সাংবাদিককে মারধরের এধরণের নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানাই। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনও সাংবাদিকের ওপর হামলার কোনও স্থান গণতান্ত্রিক সমাজে নেই।