যন্তরমন্তরে পুলিশি বাধার বিরুদ্ধে সরব সিজেপি

আন্দোলনস্থলে পৌঁছতে ইচ্ছুক সাধারণ নাগরিকদের আটকানো, ভয় দেখানো এবং বাধা দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : যন্তরমন্তরে চলতে থাকা আন্দোলন ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দলের পক্ষ থেকে দাবি করা হয়, আন্দোলনস্থলে পৌঁছতে ইচ্ছুক সাধারণ নাগরিকদের আটকানো, ভয় দেখানো এবং বাধা দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে যন্তরমন্তর চত্বরে ‘অবরুদ্ধ পরিস্থিতি’ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।

সমাজমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে সিজেপির মুখপাত্র সৌরভ দাস দাবি করেন, গত এক মাসেরও বেশি সময় ধরে পরীক্ষার প্রশ্নফাঁস, নিয়োগে অনিয়ম এবং ছাত্র আত্মহত্যার ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করে হাজার হাজার ছাত্র, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অথচ আন্দোলনকারীদের কাছে পৌঁছনোর আগেই বহু মানুষকে আটকানো হচ্ছে বলে অভিযোগ।

তাদের আরও দাবি, আন্দোলনস্থলে খাবার, পানীয় জল, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবকদেরও বাধা দেওয়া হচ্ছে। এমনকি আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক এবং আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের যাতায়াতেও প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ সিজেপির। তাদের বক্তব্য, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে সহযোগিতা করার পরিবর্তে পুলিশ ভয় দেখানোর পথ বেছে নিয়েছে।

সিজেপি দিল্লি পুলিশের কমিশনারের কাছে আবেদন জানিয়েছে, অবিলম্বে এই ধরনের পদক্ষেপ বন্ধ করে যন্তরমন্তরে অবাধ যাতায়াত নিশ্চিত করা হোক। দলের দাবি, সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার দিয়েছে এবং সেই অধিকার রক্ষা করাই পুলিশের দায়িত্ব।

এদিকে, দলের কর্মী আশুতোষ রাঙ্কাও অভিযোগ করেন, আন্দোলনকারীদের কাছে খাবার পৌঁছে দেওয়া পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সিজেপি জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।