তিন দাবি লিখিতভাবে মানার দাবি ককরোচদের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আন্দোলনে গুরুত্বপূর্ণ সাফল্যের দাবি করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে শুধু ইস্তফায় সন্তুষ্ট নয় দল। শনিবার সিজেপি জানিয়ে দিল, তাদের তিনটি দাবি লিখিতভাবে মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। একই সঙ্গে সন্ধ্যা ৬টায় দেশজুড়ে শান্তিপূর্ণ মোমবাতি মিছিলের ডাকও দিয়েছে তারা।
দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “এটি দেশের ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের জয়। সরকার যদি আমাদের তিনটি দাবি লিখিতভাবে মেনে নেয়, তবেই আমরা আন্দোলন প্রত্যাহার করব।” তাঁর দাবি, আন্দোলনকে আরও শক্তিশালী করতে দেশজুড়ে নাগরিকদের মোমবাতি মিছিলে সামিল হওয়া উচিত।
সিজেপির তিনটি মূল দাবি হল— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিট পরীক্ষাকে ঘিরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের ছাত্রসমাজের বৃহত্তর স্বার্থে এবং যুবসমাজ যাতে বিভ্রান্তির জালে আটকে না পড়ে, সেই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী শিক্ষা ব্যবস্থাই দেশের অগ্রগতির ভিত্তি।

নিট-ইউজি বিতর্ক প্রসঙ্গে তিনি দাবি করেন, ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার পরই কেন্দ্র তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়, পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষার ব্যবস্থা করে। পাশাপাশি আগামী বছর থেকে নিট সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, “আমরা সফল হয়েছি। এই পদত্যাগ প্রমাণ করে, মানুষ যদি ভয় না পায় এবং মাথা নত না করে, তবে যে কোনও ক্ষমতাশালী ব্যক্তিকেও জবাবদিহির মুখে দাঁড় করানো সম্ভব।” তবে সরকারের পক্ষ থেকে এখনও সিজেপির বাকি দাবিগুলি মেনে নেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।