সুন্দরবনে শিশু মৃত্যু রোধে সচেতনতা

সাগর ব্লকে পালিত হলো ‘বিশ্ব জলে ডুবে যাওয়া প্রতিরোধ দিবস’।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ​জলবেষ্টিত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের জলে ডুবে মৃত্যুর মর্মান্তিক ঘটনা রোধ করতে আজ সাগর ব্লকের সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে পালিত হলো ‘বিশ্ব জলে ডুবে যাওয়া প্রতিরোধ দিবস। ​এদিন বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। চাইল্ড ইন নীড ইনস্টিটিউট (সিনি)-র উদ্যোগে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি উৎসাহের সঙ্গে অংশ নেন শিক্ষক-শিক্ষিকারা, প্রশাসনের আধিকারিকেরা, স্বাস্থ্যকর্মী এবং এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের চতুর্দিকে নদী ও খালে ঘেরা এবং পুকুরের সংখ্যাও বেশি রয়েছে। সুন্দরবনে প্রতিনিয়ত শিশুদের প্রাণহানির ঘটনা ঘটছে। তাই শিশু ও সাধারণ মানুষের মধ্যে জল সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং নিরাপদ আচরণে উদ্বুদ্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিক, প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের এই যৌথ উপস্থিতি সুন্দরবনের গ্রামীণ এলাকার মানুষকে আরও বেশি করে সচেতন করে তুলবে বলেই আশা করা হচ্ছে।