মৌসুনী দ্বীপে নদী বাঁধে ধস!

আগামীকাল পূর্ণিমার বড় কোটাল চিন্তায় গোটা গ্রাম।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নদী বাঁধের দুই জায়গায় ধস নেমে আতঙ্ক ছড়ালো মৌসুনি গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল পয়লাঘেরির বেরা ও মান্নার ঘাট সংলগ্ন এলাকায় চিনাই নদীর বাঁধে বিশাল অংশ জুড়ে ধস নামে। বেরার ঘাটে প্রায় ১০০ ও মান্নার ঘাটে প্রায় ২০০ মিটার নদী বাঁধ জুড়ে ধস নেমেছে।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা দেবু দাস বলেন, “এখন নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে। অন্যদিকে পূর্ণিমার ভরা কটালে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই দুইয়ের ফলায় বাঁধের মাটি এখন আলগা হয়ে ধসে গিয়েছে। অতীতে এই বাঁধ অস্থায়ীভাবে মেরামতের কাজ করা হয়েছিল। যে কারণে এইরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা না হলে, আগামী দিনে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
মৌসুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, “সেচ দফতরকে বিষয়টি জানানো হয়েছে। এখন জরুরী ভিত্তিতে ওই বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। ওখানে স্থায়ী নদী বাঁধ নির্মাণ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।”