বিপুল টাকা আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩

বিষ্ণুপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ২০ লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার ৩।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গোপন সূত্রে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার একটি বিশেষ দল বিষ্ণুপুর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন ব্যক্তির কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ২০ লক্ষ ৬৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের নাম বাবলু জাতি ওরফে গুড্ডু (৪২), আদর্শ জাতি ওরফে ছোট্টু (২৩) এবং কৌশিক জাতি ওরফে বিট্টু (৩৩)। তিনজনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাখরাহাট পোস্ট অফিসের অন্তর্গত চাকসুকদেব গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে বেআইনি নগদ অর্থ এবং আগ্নেয়াস্ত্র মজুত থাকার খবর পেয়ে বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড জীবন্ত কার্তুজ এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকার উৎস এবং আগ্নেয়াস্ত্রগুলি কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

ঘটনার জেরে বিষ্ণুপুর থানায় বিষ্ণুপুর থানা মামলা নং ৯০৯/২৬, তারিখ ২৮ জুলাই ২০২৬, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩০৩(২) ও ৩১৭(২) ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫(১)(এ), ২৭ এবং ৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নগদ অর্থের উৎস, অস্ত্রের যোগানদাতা এবং এই ঘটনার সঙ্গে অন্য কোনও অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।