জাতীয় দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন অভিজ্ঞ কোচ ক্লদিও রানেরি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ইতালির ফুটবলে ফের রবার্তো মানচিনির যুগ। জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় বার দায়িত্ব নিতে চলেছেন তিনি। মঙ্গলবার ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণা করেছেন। একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন অভিজ্ঞ কোচ ক্লদিও রানেরি।
গত এপ্রিলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পর পদ ছাড়েন জেন্নারো গাত্তুসো। সেই ব্যর্থতার জেরে টানা তৃতীয় বার বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ঘিরে ধরে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে। সেই পরিস্থিতিতে দলের হাল ধরতে ফের ভরসা করা হল মানচিনির উপর।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালাগো বলেন, “আমার বিশ্বাস ছিল, এই মুহূর্তে ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য রবার্তো মানচিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।” ফেডারেল কাউন্সিলের বৈঠকের পর তাঁর নামেই সিলমোহর পড়ে।
৬১ বছরের মানচিনির প্রথম অধ্যায় ইতালির ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর কোচিংয়েই ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। প্রথম দফায় তিনি ৫৮টি ম্যাচে জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন। ক্লাব ফুটবলেও তাঁর সাফল্য কম নয়। ইন্টার মিলান, ফিওরেন্টিনা এবং ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের কোচ ছিলেন তিনি। বিশেষ করে ২০১১-১২ মরসুমে ম্যানচেস্টার সিটিকে প্রথম প্রিমিয়ার লিগ খেতাব এনে দিয়ে ইতিহাস গড়েছিলেন।
অন্য দিকে, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন ৭৪ বছরের ক্লদিও রানেরি। তাঁর হাতেই থাকবে ইতালির জাতীয় দলের প্রযুক্তিগত পরিকল্পনা, প্রতিভা বিকাশ এবং এলিট ফুটবল কাঠামোর তদারকির দায়িত্ব। ২০১৬ সালে লেস্টার সিটিকে অবিশ্বাস্য ভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো রানেরির অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে ইতালির ফুটবল কর্তৃপক্ষ।
এই নিয়োগের নেপথ্যেও ছিল নাটকীয়তা। টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেন তাঁদের পছন্দের প্রার্থী আন্দ্রেয়া পিরলোর নিয়োগ আটকে যাওয়ার পর। রাশিয়ার একটি বেটিং সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আপত্তি ওঠে। এর আগে এফআইজিসির প্রথম পছন্দ ছিলেন পেপ গুয়ার্দিয়োলা। কিন্তু তিনি দায়িত্ব নিতে রাজি হননি।
সব মিলিয়ে নতুন কোচ ও নতুন টেকনিক্যাল ডিরেক্টরকে সামনে রেখে ইতালির ফুটবল আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে।