সমালোচনার মুখে কী ব্যাখ্যা দিল হকি ইন্ডিয়া ?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভারতীয় হকির দীর্ঘদিনের পরিচিত নীল জার্সি সরিয়ে আগামী মাসের এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া জার্সিতে নামবে ভারতীয় পুরুষ ও মহিলা দল। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে ১৫ থেকে ৩০ অগস্ট অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের আগে নতুন জার্সি প্রকাশ্যে আনতেই শুরু হয়েছে বিতর্ক। প্রাক্তন ভারত অধিনায়ক বিরেন রাসকুইনহা এই সিদ্ধান্তের সমালোচনা করলেও, হকি ইন্ডিয়া জানিয়েছে, এটি মূলত খেলার প্রযুক্তিগত প্রয়োজন থেকেই নেওয়া হয়েছে।
হকি ইন্ডিয়ার দাবি, বর্তমানে আন্তর্জাতিক হকির অধিকাংশ ম্যাচ নীল রঙের সিন্থেটিক টার্ফে হয়। সেই কারণে নীল জার্সি পরে খেললে মাঠে খেলোয়াড়দের স্পষ্টভাবে চিহ্নিত করতে সমস্যা হচ্ছিল। কোচ এবং খেলোয়াড়দের মতামতের ভিত্তিতেই বিকল্প হিসেবে হলুদ ও গেরুয়া রঙ নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত গেরুয়াকেই বেছে নেওয়া হয়েছে।

সংস্থার বক্তব্য, প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি গেরুয়া ভারতের জাতীয় পতাকার একটি গুরুত্বপূর্ণ রং। সাহস, আত্মত্যাগ এবং বিজয়ের প্রতীক হিসেবেই এই রংকে জার্সিতে স্থান দেওয়া হয়েছে। নতুন জার্সিতে রয়েছে মণ্ডলা-অনুপ্রাণিত নকশা, অশোকচক্র থেকে অনুপ্রাণিত নেভি ব্লু অলংকরণ, সুদর্শন চক্রের আধুনিক রূপ এবং কাঁধ বরাবর তেরঙ্গা রেখা। সামনের দিকে দেবনাগরী শৈলীতে লেখা রয়েছে ‘INDIA’। গেরুয়ার পাশাপাশি সাদা জার্সিও থাকবে দলের কিটে।
তবে এই পরিবর্তন মেনে নিতে পারেননি প্রাক্তন অধিনায়ক বিরেন রাসকুইনহা। সমাজমাধ্যমে তিনি লেখেন, ভারতীয় হকির পরিচয়ই নীল জার্সি। বহু বছর সেই জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সমর্থকেরাও ভারতকে নীল জার্সিতেই দেখতে অভ্যস্ত। তাই গেরুয়া রঙ বেছে নেওয়ার যুক্তি তাঁর কাছে স্পষ্ট নয়। তাঁর মতে, বিষয়টি শুধু রঙের নয়, দলের ঐতিহ্য ও পরিচয়েরও।
সমালোচনার জবাবে হকি ইন্ডিয়া জানিয়েছে, জাতীয় দলের জার্সির রং বদল এই প্রথম নয়। ২০১৪ সালের বিশ্বকাপে ভারত হলুদ এবং ২০১৮ সালের বিশ্বকাপে আকাশি নীল জার্সি পরে খেলেছিল। ফলে এ বারের পরিবর্তনও প্রয়োজন ও বাস্তবতার নিরিখেই করা হয়েছে বলে দাবি সংস্থার।