মোদী-শাহকে নিশানা রাহুলের। ছাত্র আন্দোলনে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ২০ জুলাই যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করে তাঁর অভিযোগ, এফআইআর দায়ের এবং সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেশের নতুন প্রজন্মকে ভয় দেখানোর চেষ্টা করছে সরকার। তবে সেই চেষ্টা সফল হবে না বলেও দাবি করেছেন কংগ্রেস নেতা।
শুক্রবার সমাজমাধ্যম ‘এক্স’-এ করা একটি পোস্টে রাহুল লেখেন, “মোদীজি এবং অমিত শাহ, আপনারা জেন জ়ি-কে ভয় দেখিয়ে চুপ করাতে পারবেন না।” তাঁর আরও অভিযোগ, “প্রথমে তাঁদের হাড় ভেঙেছেন, এখন তাঁদের বিরুদ্ধে এফআইআর করছেন এবং সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সরিয়ে দিচ্ছেন।” একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “আপনারা ভারতের অতীত, আর এই তরুণরাই ভারতের ভবিষ্যৎ। তাই তাঁদের সঙ্গে কেমন আচরণ করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।”
এর আগের দিনও একই ইস্যুতে সরব হয়েছিলেন রাহুল। তাঁর দাবি, ২০ জুলাই যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশের বলপ্রয়োগের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সেই তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গঠিত একটি স্বাধীন উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে করার দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, “ছাত্রদের ন্যায়বিচার প্রাপ্য।”
নিজের পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন রাহুল। ওই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করছে। এরইমধ্যে দেখা যায়, জাতীয় পতাকা হাতে এক ব্যক্তিকে জোর করে রাস্তায় ফেলে দিচ্ছে সিভিল ড্রেসে থাকা এক ব্যাক্তি। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবারও সংসদ চত্বরে উত্তেজনা ছড়ায়। সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভে সামিল হন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদেরা। তাঁদের অভিযোগ, যন্তর মন্তরের ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের নির্দেশ কেন দেওয়া হয়েছিল, তার জবাব দিতে হবে কেন্দ্রকে। একই সঙ্গে অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগেও সরব হয়েছেন বিরোধীরা।
ছাত্র বিক্ষোভ ঘিরে রাজনৈতিক সংঘাতের আবহেই রাজ্যসভায় আলোচনার জন্য ওঠে পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬। ফলে এই ইস্যু ঘিরে কেন্দ্র-বিরোধী সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে সংসদের ভিতরে এবং বাইরে।