অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় বিজেপির লিখিত অভিযোগ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রীর বিতর্কিত ছবি পোস্টের অভিযোগ, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় বিজেপির লিখিত অভিযোগ
ডায়মন্ড হারবার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিতর্কিত ছবি সামাজিক মাধ্যমে পোস্টের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্যোগে প্রতিবাদ মিছিল করে থানায় পৌঁছে প্রতিনিধি দল অভিযোগপত্র জমা দেয় এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা ও প্রয়োজনে গ্রেফতারের দাবি জানায়।
ডায়মন্ড হারবার নিউ টাউন এলাকা থেকে মিছিল শুরু হয়। দলীয় পতাকা ও স্লোগান নিয়ে কর্মী-সমর্থকরা অংশ নেন। মিছিলটি শহর পরিক্রমা করে থানার সামনে গিয়ে শেষ হয়, পরে প্রতিনিধি দল অভিযোগ জমা দেয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অতনু সাঁতার, নেতা দীপক কুমার হালদার, বিভিন্ন মণ্ডলের সভাপতি, যুব ও মহিলা মোর্চার নেতারা। “প্রধানমন্ত্রীর অবমাননা বন্ধ করো” সহ নানা স্লোগান ওঠে।
বিজেপির অভিযোগ, শ্রীলেখা মিত্রের পোস্টটি রাজনৈতিকভাবে সংবেদনশীল ও বিভ্রান্তিকর, যা সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে। তাদের দাবি, বিষয়টি গুরুতর এবং কঠোর ব্যবস্থা প্রয়োজন।
অতনু সাঁতার বলেন, ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা ও প্রয়োজনে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।