বিজেপির গড় বাঁকিপুরে বাজিমাত প্রশান্ত কিশোরের। গুজরাতে জয় পদ্মের, দাতিয়ায় কংগ্রেস।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বিহারের বাঁকিপুরে বিধানসভা উপনির্বাচনে বড় চমক। বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই কেন্দ্রে ভোটগণনার শুরু থেকেই আরামদায়ক ব্যবধানে এগিয়ে ছিল জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। নির্বাচন কমিশনের সর্বশেষ ট্রেন্ডিং অনুযায়ী, বিজেপি প্রার্থী নীরজ কুমারের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি। ভোটের ময়দানে এ বারই প্রথম সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামায় প্রশান্তের এই দাপট নজর কেড়েছে রাজনৈতিক মহলের।
এ বার এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হয়েছে বিজেপি, জন সুরাজ পার্টি এবং আরজেডির মধ্যে। গত ৩০ জুলাই ভোটগ্রহণ হয়।বিজেপি সভাপতি নিতিন নবীনের ছেড়ে দেওয়া বাঁকিপুর বিধানসভা আসনে ১৯ হাজারেরও বেশি ব্যবধানে পিকে হারিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী নীরজ কুমারকে। পিকে পেয়েছেন ৬৩ হাজারেরও বেশি ভোট। নীরজ সাকুল্যে ৪৫ হাজার! ১৫ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিহারের প্রাক্তন শাসকদল আরজেডির প্রার্থী রেখা কুমারী। গত ১৫ এপ্রিল বিহারের প্রথম বিজেপি নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন সম্রাট চৌধরী। সাড়ে তিন মাসের মাথাতেই বাঁকিপুর উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি।
তবে শুধু বিহার নয়, একই দিনে গুজরাত এবং মধ্যপ্রদেশের দু’টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলও প্রকাশিত হয়েছে। গুজরাতের মঞ্জলপুরে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেসের ভিখাভাই রাবারিকে ৩০ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন বিজেপির সত্যেন্দ্রভাই পটেল। বিজেপি বিধায়ক তথা প্রাক্তন গুজরাত মন্ত্রী যোগেশ পটেলের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচন হয়। ২৬০টি বুথে ভোট পড়েছিল ৩৭.৫ শতাংশ।
অন্যদিকে, মধ্যপ্রদেশের দাতিয়ায় বিজেপিকে ধাক্কা দিয়েছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে ৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। গত ৩০ জুলাই এই কেন্দ্রে ভোট পড়েছিল ৭১.৪৪ শতাংশ।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনে দাতিয়ায় কংগ্রেসের রাজেন্দ্র ভারতী বিজেপির প্রাক্তন রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে সাড়ে সাত হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন। পরে একটি প্রতারণা মামলায় দিল্লির আদালত ভারতীকে তিন বছরের কারাদণ্ড দেওয়ায় আসনটি শূন্য হয়। উপনির্বাচনে বিজেপি নরোত্তমকে প্রার্থী না করে আশুতোষ তিওয়ারিকে টিকিট দেয়। তা নিয়ে তাঁর অনুগামীদের মধ্যে প্রবল ক্ষোভ ও বিক্ষোভও হয়েছিল।
ফলে তিন রাজ্যের উপনির্বাচনের ফলাফলে এক দিকে যেমন গুজরাতে বিজেপির আধিপত্য বজায় থাকল, তেমনই দাতিয়ায় কংগ্রেসের জয়। তবে এরইমাঝে বাঁকিপুরে প্রশান্ত কিশোরের এগিয়ে থাকাটা নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই বাহুল্য।