নজিরবিহীন কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের কড়া বার্তা! আইসিডিএস সুপারভাইজার নিয়োগে নির্দেশ অমান্য, প্রিন্সিপাল সেক্রেটারি-সহ ৩ শীর্ষ আধিকারিককে আদালত অবমাননার নোটিশ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : আইসিডিএস সুপারভাইজার নিয়োগে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহলের বিরুদ্ধে নজিরবিহীন কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, আইসিডিএস-এর প্রজেক্ট ডিরেক্টর রচনা ভগৎ এবং পাবলিক সার্ভিস কমিশনের সচিব সাগর চক্রবর্তীকে আদালত অবমাননার নোটিশ জারির নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১০ সেপ্টেম্বর।
প্রায় ২৬ বছর ধরে চলা আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত আইনি লড়াইয়ে ডিভিশন বেঞ্চ আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছিল, কেন্দ্রের ২০১৫ সালের নীতিমালা অনুযায়ী মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। এর আগে বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চও একই নির্দেশ দিয়েছিল, যা পরে ডিভিশন বেঞ্চ বহাল রাখে।
মামলাকারীদের অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ১৭১৩টি পদে পদোন্নতির বদলে মাত্র ৪০৯ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সুপারভাইজার পদে নিয়োগ করা হয়েছে। বাকি পদগুলি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করে আদালতের রায় কার্যত অমান্য করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরই রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, যদিও সেই মামলা এখনও বিচারাধীন।
বৃহস্পতিবার শুনানিতে মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে দাবি করেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু অঙ্গনওয়াড়ি কর্মী মেধাতালিকায় স্থান পাওয়ার পরও তাঁদের বৈধ পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে কার্যকর করা হয়নি।
উল্লেখ্য, ২০১৯ সালে ৩৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য। সেখানে মাত্র ৪২২টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ রেখে বাকি ৩০৩৬টি পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা হয় এবং আদালত শেষ পর্যন্ত ১৭১৩টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণের নির্দেশ দেয়।
এই পরিস্থিতিতে আদালত অবমাননার নোটিশ জারি হওয়ায় আইসিডিএস সুপারভাইজার নিয়োগ বিতর্কে নতুন মোড় এসেছে। আগামী ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট শীর্ষ আধিকারিকদের জবাবের ওপরই নির্ভর করবে মামলার পরবর্তী আইনি ভবিষ্যৎ।