৮ নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বছরের পর বছর ধরে জমে থাকা মামলার পাহাড়, বিচার পেতে দীর্ঘ অপেক্ষা এবং বিচারপতির শূন্যপদ—এই তিন সমস্যার মাঝেই বড় স্বস্তির খবর কলকাতা হাই কোর্টে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একসঙ্গে আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারই তাঁদের শপথ গ্রহণ করবেন নব নিযুক্ত বিচারপতিগণ।
গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসেবে নয়জন আইনজীবীর নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছিল। সূত্রের খবর, তাঁদের মধ্যে আটজনের নিয়োগে রাষ্ট্রপতি ভবন ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। ফলে বিচারপতির দীর্ঘদিনের শূন্যপদ অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন কলকাতা হাকোর্টের আইনজীবী মহলের একাংশ।

নতুন বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা। বর্তমানে কলকাতা হাই কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৭২ হলেও কর্মরত বিচারপতির সংখ্যা অনেক কম। নতুন আটজন যোগ দিলে সেই সংখ্যা বেড়ে হবে ৪৯। আইনজীবী মহলের একাংশের মতে, গত দুই দশকেরও বেশি সময়ে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগের নজির কার্যত নেই।
দীর্ঘদিন ধরেই কলকাতা হাই কোর্টে বিচারপতির শূন্যপদ নিয়ে উদ্বেগ ছিল। যেকারণে কলকাতা হাইকোর্টের নজিরবিহীন ভাবে আদালতের কাজকর্ম প্রায় থমকে গিয়েছিল।একই সঙ্গে মামলার সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তিও বাড়ছিল। শুধু মূল বেঞ্চ নয়, আন্দামান ও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেও নিয়মিত শুনানি চলায় প্রতি ১৫ দিনের জন্য চারজন বিচারপতিকে সেখানে দায়িত্ব পালন করতে হয়। ফলে মূল বেঞ্চে মামলার নিষ্পত্তির গতি ব্যাহত হচ্ছিল।
আইনজীবীদের আশা, নতুন বিচারপতিদের যোগদানে শুধু শূন্যপদই কমবে না, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বহু মামলার শুনানি ও নিষ্পত্তির গতিও উল্লেখযোগ্যভাবে বাড়বে।