ভারতের জন্য় নতুন কোচ

এআইএফএফের কার্যনির্বাহী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : উদ্বোধনী ফিফা অনুর্দ্ধ-১৫ বিশ্বকাপের জন্য ভারতের কোচ নিযুক্ত হলেন বিবিয়ানো ফার্নান্দেস, ম্যানেজার করা হলো রঞ্জিত বাজাজকে। এই বছরের ২২-৩১ অক্টোবর, আজেরবাইজানে, প্রথমবারের জন্য ফিফা তাদের সদস্য সকল দেশকে নিয়ে যে অনুর্দ্ধ-১৫ বিশ্বকাপের আয়োজন করছে সেখানে ভারতীয় দলের দায়িত্ব পেলেন তাঁরা। আজ এআইএফএফের কার্যনির্বাহী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুব পর্যায়ে ভারতীয় কোচদের মধ্যে বিবিয়ানো ফার্নান্দেসের অর্জন বেশ ঈর্ষনীয়। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে ভারতকে পাঁচবার স্যাফ যুব চ্যাম্পিয়নশিপ জেতানো ছাড়াও ভারতকে অনুর্দ্ধ-১৭ এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে তোলার কৃতিত্ব আছে তাঁর। এবারও ইরানের মতো দলকে হারিয়ে কোচ হিসাবে ভারতকে অনুর্দ্ধ-১৭ এশিয়ান কাপের মূলপর্বে তোলেন তিনি। তাই ফিফা অনুর্দ্ধ-১৫ বিশ্বকাপে কোচ হিসাবে বিবিয়ানোর নিয়োগ অনেকটাই প্রত্যাশিত।
অপরদিকে ভারতীয় ফুটবলে বেশ আলোচিত চরিত্র, মিনার্ভা অ্যাকাডেমির কর্ণধার রঞ্জিত বাজাজ কিছুদিন আগেই নিজের অ্যাকাডেমিকে সুইডেনে গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রকাশ্যে অনুর্দ্ধ-১৫ বিশ্বকাপে ভারতীয় দলে ভারতীয় দলের দায়িত্ব চেয়েছিলেন। বিদেশের মাটিতে বিভিন্ন আসরে তাঁর অ্যাকাডেমির যুব ফুটবলারদের ক্রমাগত সাফল্য লক্ষ্য করা যায়। তাই তাঁর এই খোলাখুলি আবেদনের পর অধিকাংশ ভারতীয় ফুটবলপ্রেমীর জনমতও তাঁর পক্ষে ছিলো। এআইএফএফ-ও সেই জনমতকে প্রাধান্য দিয়ে রঞ্জিত বাজাজকে ভারতের অনুর্দ্ধ-১৫ জাতীয় দলের ম্যানেজার নিযুক্ত করলো।