‘অবস্থান পরিবর্তন করবেন না’, ব্যাঙ্ককে হুঁশিয়ারি বিচারপতির।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বিদেশ যাওয়ার আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণ নিয়ে ব্যাঙ্কের বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে পর্যবেক্ষণ করেন বিচারপতি কৃষ্ণা রাও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, প্রয়োজন হলে ব্যাঙ্ক ম্যানেজারকে আদালতে তলব করার হুঁশিয়ারিও দেন তিনি।
মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, সাংসদের দু’টি ক্রেডিট কার্ড রয়েছে। বিদেশ যাওয়ার আগে তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। কেন এমন করা হল, তা জানতে চাইলে ব্যাঙ্কের তরফে প্রথমে বলা হয়, অভিষেকের কেওয়াইসি (গ্রাহক পরিচয় যাচাই) সম্পূর্ণ করা প্রয়োজন। ব্যাঙ্কের দাবি, সেই প্রক্রিয়া ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা।
এই বক্তব্য শুনেই প্রশ্ন তোলেন বিচারপতি রাও। তাঁর মন্তব্য, ‘‘এখন তো অনলাইনেও কেওয়াইসি করা যায়। অভিষেককে কেন কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হল? মনে হচ্ছে, ব্যাঙ্ক তাঁর মুখ দেখতে চাইছে!’’
অভিষেককে পাঠানো ব্যাঙ্কের চিঠির ভাষা নিয়েও আপত্তি জানান বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, কোনও গ্রাহককে ওই ভাবে চিঠি পাঠানো যায় না। ব্যাঙ্কের আইনজীবী জানান, কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। সেই কারণেই কেওয়াইসির জন্য অভিষেককে ডাকা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে বলা সম্ভব নয়।
এর পর ব্যাঙ্কের আইনজীবী অভিষেকের বিরুদ্ধে চলা একটি ইডি মামলার প্রসঙ্গ আদালতে তোলেন। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি বলেন, ‘‘অবস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন না। না হলে ব্যাঙ্কের ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। এখন অনলাইনেও কেওয়াইসি করা যায়। কর্তৃপক্ষ কি অভিষেকের মুখ দেখতে চাইছে?’’
গ্রাহককে না জানিয়ে কী ভাবে তাঁর অ্যাকাউন্ট বন্ধ বা ফ্রিজ করা যায়, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। ব্যাঙ্কের আইনজীবী মামলাটি নিয়ে কিছুটা সময় চান। দুপুর ১টার পর ফের শুনানির জন্য মামলাটি ওঠার কথা।