বামপন্থীদের বিরুদ্ধে ‘একতরফা’ ইউনিয়ন গঠনের অভিযোগ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা। বুধবার রাতে জেনারেল বডি (জিবি) মিটিং ঘিরে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে হাতাহাতির অভিযোগ উঠল। ঘটনায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র দুই সদস্য আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের যাদবপুরের কেপিসি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (এফইটিএসইউ)-এর উদ্যোগে জিবি মিটিং বসেছিল। এফইটিএসইউ ইউনিয়নের গঠন নিয়ে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী পড়ুয়াদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। অভিযোগ, বামপন্থী সমর্থকেরা একতরফা ভাবে ইউনিয়ন গঠনের চেষ্টা করেন। তার বিরোধিতা করেন এবিভিপি-র সদস্য দীপ্তিমান কর এবং সংগঠনের সভাপতি নিখিল দাস।
এর পরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। ঘটনায় নিখিল এবং দীপ্তিমান আহত হন। রাতেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় দলীয় সমর্থকদের নিয়ে যাদবপুর থানায় পৌঁছন। এফআইআর দায়ের করেন মুর্শিদাবাদের বাসিন্দা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র অরিত্র সরকার। তাঁর অভিযোগের ভিত্তিতে ১১ জনের নাম করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং তফসিলি জাতি-উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনের ধারাতেও মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে গোলমালের খবর পেয়ে পুলিশ আধিকারিকেরা উপাচার্য-সহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে প্রো-ভিসি থানায় ফোন করে পুলিশি সহায়তা চান। পুলিশ ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়। অরবিন্দ ভবনের বাইরে কয়েকটি পোস্টার ও ফেস্টুন ছেঁড়া এবং পোড়ানো অবস্থায় পাওয়া যায়। ভবনের ভিতরে তখনও প্রায় ৫০-৬০ জন পড়ুয়া জিবি মিটিং করছিলেন। পুলিশ তাঁদের বেরিয়ে যেতে বললেও প্রথমে তাঁরা রাজি হননি। পরে পুলিশ হস্তক্ষেপ করে জমায়েত ছত্রভঙ্গ করে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ৮বি বাসস্ট্যান্ড-সহ আশপাশের এলাকায় বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মসূচির খবর পেয়েছে পুলিশ। অন্য পক্ষ এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি।