নিষিদ্ধ বাজি রুখতে কড়া পুলিশ

দুদিনের মধ্যে বেআইনি বাজি, মশলা পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : শুক্রবার চম্পাহাটি হাড়ালে বাজি সংগঠন ও বাজি ব্যাবসায়ীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বারুইপুর পুলিশ জেলা প্রশাসন। ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আই সি শান্তনু মিত্র। দুদিনের মধ্যে নিষিদ্ধ বাজি সহ বাজির মশলা পুলিশ এর কাছে জমা দেওয়ার নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি।এদিকে, বৃহস্পতিবার বাজি বিস্ফোরণের এর ঘটনায় বারুইপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে দুই শ্রমিককে গ্রেফতার করেছে। পাশাপাশি,শুক্রবার অভিযান চালিয়ে পিয়ালী খোলাঘাটা এলাকা থেকে প্রচুর নিষিদ্ধ বাজি, মশলা উদ্ধার হয়।পুলিশ জানিয়েছে,আরও এই অভিযান চলবে। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় দুজন আহতের মধ্যে কারখানার মালিকের স্ত্রী পদ্মরানী নস্করের অবস্থা সংকটজনক।কারখানার শ্রমিক আব্বাস গাজীর অবস্থা স্থিতিশীল। যদিও কারখানার মালিক বাপি নস্কর সহ অন্য কর্মীদের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ খোঁজ চালাচ্ছে।

এদিন বৈঠকে বারুইপুর দমকলের আধিকারিকরাও ছিলেন। বারংবার হাড়াল, পিয়ালীর বাজি ব্যাবসায়ীদের পুলিশ প্রশাসন থেকে সতর্ক করা হয়েছিল। তারপরেও হুঁশ ফেরেনি ব্যাবসায়ীদের।গত জানুয়ারিতেই হাড়ালে বাজি বিস্ফোরণে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বেআইনি ভাবে বাজি নির্মাণ বরদাস্ত হবে না। প্রশাসন এর সঙ্গে সহযোগিতা করে কাজ করতে হবে।সরকারি নিয়ম মেনে যারা বাজি তৈরী করছেন তাঁদের লাইসেন্স পেতে সাহায্য করা হবে।