বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে খুন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্বে সংবাদদাতা : বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিককে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায়। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে খুন করা হয়েছে বাপি প্রামাণিককে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বাপি। এমনকি বিজেপি করার কারণে প্রায় এক দশক তাঁকে ঘরছাড়াও থাকতে হয়েছিল বলে দাবি পরিবারের।
পরিবারের আরও অভিযোগ, বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনাতেই এই হামলা চালানো হয়েছে এবং এর পিছনে তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত।

অন্যদিকে পুলিশের বক্তব্য, একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল ও মারামারি হয়। সেই মারামারিতেই গুরুতর আহত হন বাপি প্রামাণিক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে দোষীদের গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।