যাদবপুরকাণ্ডের প্রতিবাদের রেশ কল্যাণীতেও!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির প্রতিবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ABVP-র বিক্ষোভ, বৃষ্টিকে উপেক্ষা করে সরব পড়ুয়ারা।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেনারেল বডি (GB) মিটিং ঘিরে ABVP এবং একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে অশান্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন GB মিটিং ডাকা হল, সেই প্রশ্নকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত বলে দাবি ABVP-র। এরপর দু’পক্ষের সংঘর্ষের জেরে রাতভর উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

এই ঘটনার প্রতিবাদে সোমবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ABVP-র উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ABVP সদস্যরা। যাদবপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানও ওঠে এদিনের কর্মসূচিতে।

ABVP-র দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তাদের একাধিক কর্মী আহত হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এদিনের প্রতিবাদ সভায় শুধু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ABVP ছাত্র সংগঠনের সদস্যরাই নন, বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। বৃষ্টির মধ্যেই প্ল্যাকার্ড হাতে তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক উত্তাপের আবহ তৈরি হয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ABVP-র পক্ষ থেকে যাদবপুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। সোমবারের এই কর্মসূচিকে ঘিরে ফের প্রকাশ্যে এল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার ছবি।