ফের ধস নিউ ফরাক্কায়, থমকাল মেরামতি! যাত্রীদের জন্য বিনামূল্যে বাস, ট্রেনে জল-খাবার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক: মেরামতির কাজ চলাকালীন ফের ধস নামল নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে। এর জেরে কিছুটা ব্যাহত হল মেরামতির কাজ। ধসের অভিঘাতে বেঁকে গিয়েছে ওভারহেড বৈদ্যুতিক পোলও। পরিস্থিতির জেরে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। বাতিল হয়েছে একাধিক ট্রেন। মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে আটকে রয়েছে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন।
ভোগান্তিতে পড়া যাত্রীদের পাশে দাঁড়িয়ে এ বার বিশেষ বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ দফতর। আটকে থাকা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। এই পরিষেবার জন্য যাত্রীদের কোনও ভাড়া দিতে হবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আটকে থাকা যাত্রীদের জন্য মোট ২০টি সরকারি বাস রাখা হয়েছে। ট্রেনে আটকে থাকা যাত্রীদের জন্য জল ও খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত ২৩টি বাস নামানো হয়েছে। শুক্রবার শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে চলবে ১৮টি বাস। দুর্গাপুর-বালুরঘাট রুটে দু’টি অতিরিক্ত বাস এবং মালদহ-কলকাতা রুটে পাঁচটি বিশেষ বাস চালানো হচ্ছে।
সন্ধ্যায় উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য এসপ্ল্যানেড থেকে এনজেপি পর্যন্ত বিশেষ বাসও থাকছে। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রতি ঘণ্টায় মিলবে পরিষেবা।
এ দিকে, রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। যাত্রী নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি রাখছে প্রশাসন। নবান্ন থেকেও যাত্রীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।