‘সস্তার ফোনেও মিলুক সমান সুযোগ’

বিশ্বমঞ্চে ডিজিটাল ভারতের বার্তা রাঘব চাড্ডার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ডিজিটাল দুনিয়ায় ভারতের সাফল্যের কথা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন বিজেপি সাংসদ রাঘব চাড্ডা। উজবেকিস্তানে আয়োজিত ১২তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর তরুণ সাংসদদের সম্মেলনে ‘ডিজিটাল অ্যাকসেস অ্যান্ড রাইটস ইন আ ডিজিটাল এরা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ভারতের ডিজিটাল পরিকাঠামো এবং ইউপিআইয়ের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে ডিজিটাল অধিকার এবং নাগরিকের গোপনীয়তা রক্ষার প্রশ্নও।

রাঘবের কথায়, ‘‘ভারত দেখিয়েছে, ডিজিটাল পরিসরকে বড় করার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাও পাশাপাশি চলতে পারে।’’ তাঁর মতে, প্রযুক্তির সাফল্য কেবল কতটা আধুনিক ব্যবস্থা তৈরি হল, তা দিয়ে বিচার করা উচিত নয়। বরং সেই প্রযুক্তি দেশের প্রান্তিক মানুষকে কতটা সুযোগ ও নিরাপত্তা দিতে পারছে, সেটিই আসল পরীক্ষা।

সম্মেলনে ইউপিআইয়ের প্রসঙ্গও বিশেষ ভাবে তুলে ধরেন তিনি। তাঁর দাবি, একশো কোটিরও বেশি মানুষ ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং ইউপিআই দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক লেনদেনকে অনেক সহজ করে তুলেছে। তবে প্রযুক্তির প্রসার যেন নাগরিকের স্বাধীনতা বা অধিকার খর্ব না করে, সে দিকেও নজর দেওয়ার কথা বলেন রাঘব। তাঁর বক্তব্য, প্রযুক্তি এমন হওয়া দরকার, যা মানুষকে যুক্ত করবে, বাদ দেবে না; উদ্ভাবন করবে, কিন্তু শোষণ করবে না; নিরাপত্তা দেবে, কিন্তু নিয়ন্ত্রণ করবে না।

রাঘব এ বার আইপিইউ-র গ্লোবাল কনফারেন্স অব ইয়ং পার্লামেন্টারিয়ানস-এ ভারতীয় সংসদের প্রতিনিধিত্ব করেছেন। ৪ থেকে ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ আইনপ্রণেতারা যোগ দেন। এ বারের সম্মেলনের মূল বিষয় ছিল অস্থির সময়ে মানবাধিকার, ন্যায় এবং মর্যাদা পুনরুদ্ধার।

তরুণদের অধিকার, সংঘাতের পরিস্থিতিতে যুবসমাজ, ডিজিটাল অধিকার ও অনলাইন নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং যুবকদের অর্থনৈতিক সুযোগ—একাধিক বিষয়ে আলোচনা হয় সম্মেলনে।

আইপিইউ-র ইতিহাসও তুলে ধরেন রাঘব। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সদর দফতর জেনেভায়। বর্তমানে ১৮০টি সদস্য সংসদ এবং ১৫টি সহযোগী সদস্য সংগঠন রয়েছে। ২০১৮ সাল থেকে তরুণ সাংসদদের আইপিইউ-র বৈঠকে অংশগ্রহণ বাড়াতে বিশেষ উৎসাহমূলক ব্যবস্থাও চালু করেছে সংগঠনটি।

উজবেকিস্তানে সাম্প্রতিক উচ্চপর্যায়ের ভারতীয় সফরের প্রসঙ্গ টেনে রাঘব বলেন, সংসদীয় স্তরেও দুই দেশের সম্পর্কের গতি ধরে রাখার সুযোগ পেয়েছেন তাঁরা।