ব্যাট হাতে স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতে স্পিনারদের দাপট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দুবাইয়ে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টম বার মহিলা এশিয়া কাপের খেতাব ঘরে তুলল ভারত। ব্যাট হাতে স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতে স্পিনারদের দাপট—সব মিলিয়ে ফাইনালে শ্রীলঙ্কাকে কার্যত দাঁড়াতেই দিল না হরমনপ্রীত কউরের দল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শেফালি ও স্মৃতি। দু’জনে মিলে প্রথম উইকেটে ১২৯ রান যোগ করেন, যা মহিলা এশিয়া কাপের ইতিহাসে যে কোনও উইকেটে সর্বোচ্চ জুটি। শেফালি মাত্র ৩৯ বলে ৬৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ন’টি চার ও দু’টি ছয়। মাত্র ২৪ বলে অর্ধশতরান করে মহিলা এশিয়া কাপের দ্রুততম পঞ্চাশের নজিরও গড়েন তিনি। স্মৃতি করেন ৩৯ বলে ৫৯ রান, মেরেছেন পাঁচটি চার ও তিনটি ছয়।
তবে দুই ওপেনার ফিরে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে ভারত। হরমনপ্রীত ১৪ এবং রিচা ঘোষ ১৭ রান করে ফেরেন। শেষ দিকে ভারতী ফুলমালির পাঁচ বলে অপরাজিত ১৫ রানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ১৮৩/৫ রান তোলে ভারত।
জবাবে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। প্রথম ওভারে ইমেশা দুলানি চার মারলেও পরের দিকেই তাঁকে বোল্ড করেন ক্রান্তি গৌড়। অধিনায়ক চামারি আতাপাত্তু কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু ভারতীয় স্পিনারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। আতাপাত্তু ৩৬ রান করে দীপ্তি শর্মার শিকার হন। একই ওভারে বিষ্মি গুণরত্নেকেও ফেরান দীপ্তি।

এর পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ভারতের হাতে। শ্রেয়া চরানি ৪ ওভারে ২০ রান দিয়ে চার উইকেট নেন। দীপ্তি শর্মার শিকার তিন ব্যাটার, দিয়েছেন মাত্র ১৯ রান। শেষ পর্যন্ত ১৮৪ রানের লক্ষ্যে ১১১ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। ৭২ রানের জয়ে এশিয়া কাপের মুকুট ফের ভারতের মাথায়।
এই ম্যাচে আরও একটি নজির গড়েছেন শেফালি। চলতি প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩৬ রান। স্মৃতি-শেফালি জুটি এ বার মহিলা টি-টোয়েন্টিতে ছ’টি শতরানের পার্টনারশিপের নজিরও স্পর্শ করল। তবে সব নজির ছাপিয়ে শেষ হাসি ভারতের—অষ্টম বার এশিয়া কাপ জয়।