উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী চন্দ্রনাথের মা হাসিরানি রথ, রেজিনগরে শাখারভ সরকার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামে দলের প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। অন্য দিকে, মুর্শিদাবাদের রেজিনগরে পদ্মের প্রার্থী হয়েছেন জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য শাখারভ সরকার।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন পর, ৬ মে মধ্যমগ্রামে আততায়ীদের গুলিতে খুন হন চন্দ্রনাথ। গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় চালকও আহত হন। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে সিট গঠন করা হয়। পরবর্তী সময়ে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

চন্দ্রনাথের পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। তাঁর মৃত্যুর পর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে বিচার পাইয়ে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। সেই চন্দ্রনাথের মা হাসিরানিকেই এ বার নন্দীগ্রামে প্রার্থী করল বিজেপি।

প্রার্থী ঘোষণার আগে মঙ্গলবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়ার সিদ্ধেশ্বর শিবমন্দির এবং জানকীনাথ মন্দিরে পুজো দেন হাসিরানি। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বার্তা পেয়েছেন। দলের সংগঠনের সহযোগিতায় নন্দীগ্রামের মানুষের প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবেন।

অন্য দিকে, রেজিনগরে শাখারভ সরকারের লড়াই। দুই কেন্দ্রেই ভোট ৬ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ফল ঘোষণা হবে ৯ অক্টোবর।

নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের সঞ্চিতা প্রধান দে, কংগ্রেসের মিলন প্রধান এবং সিপিআইয়ের শান্তিগোপাল গিরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঋতব্রত শিবিরের প্রার্থী মহম্মদ এহেতাশ মুল হক। রেজিনগরে কালীঘাট তৃণমূলের রবিউল আলম চৌধুরী, কংগ্রেসের আব্দুল্লাহিল কাফি, সিপিএমের সইদ আসাদ আলি এবং ঋতব্রত শিবিরের শেখ সফিউদ্দিন জামান রয়েছেন। আরএসপি-র প্রার্থী বিকাশচন্দ্র মিশ্র।

শুভেন্দু নন্দীগ্রাম ছেড়ে দেওয়ায় এবং রেজিনগরে হুমায়ুন কবীর আসন ছাড়ায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ফলে বিজেপির পাশাপাশি তৃণমূলের দুই শিবিরের লড়াইয়েও নজর থাকবে।