৮৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাসে আল নাসর,

তবু রোনাল্ডোর ক্ষোভ অন্য ম্যাচের ঘটনায়!

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ৮৭ বছর ধরে অক্ষত ছিল রেকর্ড। এ বার সেই নজির ভেঙে ইতিহাস গড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসর। তবে রেকর্ড ভাঙার রাতেও খুশি নন পর্তুগিজ মহাতারকা। নিজের দলের পারফরম্যান্স নয়, সৌদি প্রো লিগের অন্য একটি ম্যাচে সমর্থকদের আচরণেই রীতিমতো ক্ষুব্ধ রোনাল্ডো।

আল খালিজের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। রোনাল্ডো নিজে গোল পাননি। কিন্তু সেই ম্যাচেই টানা গোল করার বিশ্বরেকর্ড নিজেদের দখলে নিল সৌদি ক্লাবটি। টানা ৯৪টি ম্যাচে গোল করার নজির গড়েছে তারা। ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিকতা। তার পর থেকে কোনও ম্যাচেই গোলশূন্য থাকেনি আল নাসর। ৯৪ ম্যাচে তাদের গোলের সংখ্যা ২৪৮।

এর আগে এই রেকর্ড ছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের দখলে। ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত টানা ৯৩টি ম্যাচে গোল করেছিল তারা। সেই সময়ে মোট ৩০১ গোল করেছিল আর্জেন্টিনার অন্যতম ঐতিহ্যশালী ক্লাব। আগের ম্যাচেই রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলেছিল আল নাসর। সেই ম্যাচে দলের প্রথম গোলটি করেছিলেন রোনাল্ডো।

তবে রেকর্ডের আনন্দ ছাপিয়ে রোনাল্ডোর ক্ষোভের কারণ অন্য ম্যাচ। আল হিলালের কাছে ৬-০ গোলে হারার ম্যাচে আল তাউনের সমর্থকেরা বল ধরলেই রুবেন নেভেসকে উদ্দেশ্য করে ‘জোটা’ বলে চিৎকার করছিলেন। প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা ছিলেন নেভেসের ঘনিষ্ঠ বন্ধু। গত বছর গাড়ি দুর্ঘটনায় জোটা মারা যাওয়ার পরও তাঁকে নিয়ে এমন বিদ্রূপ মেনে নিতে পারেননি রোনাল্ডো।

সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, লিগ কর্তৃপক্ষের উচিত ওই সমর্থকদের নিষিদ্ধ করা। সব কিছুরই একটা সীমা থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি। রোনাল্ডোর মতে, এই ধরনের সমর্থকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়। ফলে এক দিকে ইতিহাস গড়ল আল নাসর, অন্য দিকে ফুটবল মাঠে সমর্থকদের আচরণ নিয়ে নতুন করে বিতর্কও তৈরি হল।