রাষ্ট্রপতি মুর্মুর ADC পদে প্রথম মহিলা সেনা আধিকারিক

কে এই মেজর নব্যা শেখাওয়াত?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নারীর ক্ষমতায়নের আরও এক নজির ভারতীয় সেনায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর Aide-de-Camp (ADC) হিসাবে নিযুক্ত হলেন মেজর নব্যা শেখাওয়াত। ভারতীয় সেনাবাহিনী থেকে তিনিই প্রথম মহিলা আধিকারিক, যিনি রাষ্ট্রপতির ADC-এর দায়িত্ব পেলেন। রাষ্ট্রপতি ভবনে তাঁর এই নিয়োগকে সশস্ত্র বাহিনীতে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকার আরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে দেখা হচ্ছে।

রাষ্ট্রপতির সরকারি সফর, অনুষ্ঠান এবং বিভিন্ন সাংবিধানিক কর্মসূচিতে ADC-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রাষ্ট্রপতির পাশে আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত থাকা নয়, সামরিক ও আনুষ্ঠানিক প্রোটোকল বজায় রাখা, গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে সমন্বয় করা-সহ একাধিক দায়িত্ব সামলাতে হয় ADC-কে। সাধারণত রাষ্ট্রপতির পাঁচ জন ADC থাকেন। তাঁদের মধ্যে তিন জন সেনাবাহিনী থেকে এবং নৌবাহিনী ও বায়ুসেনা থেকে এক জন করে আধিকারিক থাকেন।

কে এই মেজর নব্যা শেখাওয়াত?

রিপোর্ট অনুযায়ী, UPSC পরিচালিত Combined Defence Services (CDS) পরীক্ষার মাধ্যমে তাঁর সেনাবাহিনীতে যোগদানের পথ তৈরি হয়। Short Service Commission Women Non-Technical Course-এর মেধাতালিকায় জায়গা করে নেওয়ার পর চেন্নাইয়ের Officers Training Academy (OTA)-তে প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণ শেষে ২০২১ সালের মাঝামাঝি ভারতীয় সেনার Army Service Corps (ASC)-এ কমিশন পান নব্যা।

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ লজিস্টিক ব্যবস্থা সামলানোর দায়িত্ব থাকে ASC-র উপর। সেনা জওয়ানদের প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহ, পরিবহণ এবং বিভিন্ন অপারেশনাল ব্যবস্থার সঙ্গে এই শাখার কাজ জড়িত। সেনায় কমিশন পাওয়ার কয়েক বছরের মধ্যেই মেজর পদে উন্নীত হন নব্যা। আর প্রায় পাঁচ বছর পর, ২০২৬ সালে রাষ্ট্রপতির ADC হিসাবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

তবে রাষ্ট্রপতির ADC দলে নব্যাই প্রথম মহিলা নন। ২০২৫ সালে ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি প্রথম মহিলা হিসাবে রাষ্ট্রপতির ADC হওয়ার নজির গড়েছিলেন। নব্যার নিয়োগ সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবার ভারতীয় সেনাবাহিনী থেকেও প্রথম কোনও মহিলা আধিকারিক রাষ্ট্রপতির ADC-এর দায়িত্ব পেলেন।

ভারতীয় সেনায় মহিলাদের এই গুরুত্বপূর্ণ পদে উন্নীত হওয়াটা অবশ্য এক দিনে হয়নি। ১৯৯২ সাল থেকে Short Service Commission-এর মাধ্যমে মহিলাদের সেনাবাহিনীতে প্রবেশের সুযোগ তৈরি হয়। পরবর্তী সময়ে নীতি পরিবর্তন এবং আদালতের একাধিক নির্দেশের মাধ্যমে সেই সুযোগ আরও বিস্তৃত হয়েছে। ২০২০ সালে সুপ্রিম কোর্টও জানিয়েছিল, যোগ্য মহিলা Short Service Commission আধিকারিকদের পুরুষদের সমান ভিত্তিতে Permanent Commission-এর জন্য বিবেচনা করতে হবে।

সেই দীর্ঘ পরিবর্তনের পথেই আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করলেন মেজর নব্যা শেখাওয়াত।