১ লক্ষ কর্মীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে (PF) বাধ্যতামূলক অবদানের বেতনসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে অতিরিক্ত ৫০ লক্ষ থেকে ১ কোটি কর্মী এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (EPFO)-এর আওতায় আসতে পারেন। সরকারের হিসাব অনুযায়ী, নতুন ব্যবস্থায় প্রায় ৫১ লক্ষ কর্মী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে সরকারের বার্ষিক খরচ হবে আনুমানিক ১১,৩৩৯ কোটি টাকা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি বলেন, ‘‘১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতন পান, এমন কর্মীরা এই পরিবর্তনের ফলে উপকৃত হবেন। সংশোধিত নিয়ম অনুযায়ী তাঁদের পিএফ-এর আওতায় আনা হবে।’’ শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, এর ফলে ৫০ লক্ষ থেকে ১ কোটি অতিরিক্ত কর্মী সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত EPFO-র বেতনসীমায় কোনও পরিবর্তন হয়নি। ২০১৪ সালের সেপ্টেম্বরে তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছিল। এ বার সেই সীমা আরও ১০ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার করা হল। গত ১২ বছরে কর্মীদের গড় ও ন্যূনতম বেতন বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার খরচও বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বেতনভোগী কর্মীদের গড় আয় মাসে প্রায় ২৩ হাজার টাকা। সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই নতুন সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র।
নতুন নিয়মের ফলে যাঁরা এত দিন EPFO-র বাধ্যতামূলক আওতার বাইরে ছিলেন, তাঁদের বড় অংশ উপকৃত হবেন। যেমন, কোনও কর্মীর বেসিক বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে মাসিক আয় ১৬ হাজার টাকা হলে, আগের ১৫ হাজার টাকার সীমায় নতুন কর্মী হিসেবে তাঁকে বাধ্যতামূলক ভাবে EPF-এ নথিভুক্ত করতে হত না। কিন্তু নতুন ২৫ হাজার টাকার সীমা চালু হলে সেই কর্মী বাধ্যতামূলক পিএফ-এর আওতায় আসবেন।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে নিয়োগকর্তাদের উপরেও। আইনজীবী দেবযানী আইচ জানিয়েছেন, নতুন কর্মীদের জন্য নিয়োগকর্তাদের ১২ শতাংশ EPF অবদান রাখতে হবে। পাশাপাশি EPS এবং EDLI-র অবদান ও সংশ্লিষ্ট নথিপত্রেও পরিবর্তন আনতে হবে। HR এবং বেতন সংক্রান্ত সফটওয়্যারগুলিকেও নতুন নিয়ম অনুযায়ী দ্রুত সংশোধন করতে হবে।
কেন্দ্র জানিয়েছে, EPFO বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক সুরক্ষা ব্যবস্থা। বর্তমানে এর সদস্যসংখ্যা প্রায় ৭.৯৮ কোটি এবং সংস্থার আওতায় রয়েছে ৭.৬৮ লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান। নতুন বেতনসীমা কার্যকর হলে আরও বহু কর্মী অবসরকালীন সঞ্চয় ও সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন।