‘সরবরাহ শৃঙ্খলকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ভারতের মতো দেশ গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে সফল হলে গোটা বিশ্বের সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে SEMICON India 2026 সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর সংস্থা এবং যন্ত্রাংশ প্রস্তুতকারকদের ভারতের প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
মোদী বলেন, ‘‘একটি দেশের মতো ভারত যদি কোনও গুরুত্বপূর্ণ শিল্পে সফল হয়, তা হলে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী হয়। সরবরাহ শৃঙ্খলকে যখন অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, তখন ভারতের এই পরিবর্তনগুলিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখা আরও জরুরি।’’
সেমিকন্ডাক্টর শিল্প বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে বিশ্বের প্রয়োজন নতুন এবং নির্ভরযোগ্য উৎপাদন কেন্দ্রের। ভারত সেই ভূমিকা পালনের জন্য ধারাবাহিক ভাবে প্রস্তুতি নিচ্ছে। সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত করতে ইতিমধ্যেই একাধিক সংস্কারমূলক পদক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি।

চিপ উৎপাদনে নতুন প্রযুক্তির উপর জোর
সেমিকন্ডাক্টর শিল্পের পরবর্তী পর্যায়ে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এবং সিলিকন ফোটোনিক্সের মতো প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন মোদী। তাঁর কথায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর পরিকাঠামো গড়ে তুলতে এই প্রযুক্তিগুলির প্রয়োজনীয় ভিত্তি ভারতে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। চিপের নকশা থেকে উৎপাদন এবং অ্যাসেম্বলিং—সমগ্র প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি শক্তিশালী বাস্তুতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে সরকার।
সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক যন্ত্রাংশ ও সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার কর্তাদের উদ্দেশে মোদী বলেন, ‘‘এখানে যে সুযোগগুলি তৈরি হচ্ছে, তা হাতছাড়া করবেন না।’’ ভারতের সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ এবং সহযোগিতার জন্য সরাসরি আহ্বান জানান তিনি।

প্রযুক্তি ক্ষেত্রে প্রশিক্ষণ
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য এক লক্ষ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যেই ৭০ হাজারেরও বেশি পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশ-বিদেশে গবেষণারত ভারতীয় তরুণদেরও উন্নত প্রযুক্তি নির্মাণে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
ব্রিকস সম্মেলনের সাফল্যের প্রসঙ্গ
বক্তব্যে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনের কথাও উল্লেখ করেন মোদী। তাঁর দাবি, সকলের সমর্থনে ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’ গৃহীত হওয়া ভারতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রমাণ। সেই সাফল্যের আবহে SEMICON India 2026 আয়োজনকে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনের পঞ্চম সংস্করণ। ‘সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম’—এই ভাবনাকে সামনে রেখে ভারতের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে তিন দিনের এই সম্মেলনে।