৯৫তম বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় একাধিক সিদ্ধান্ত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : পরের বছর ২০২৭ সালে আইপিএল ২০ বছরে পদার্পণ করবে। তাই আইপিএলের ২০ বছর বর্ষপূর্তি সাড়ম্বরে উদযাপন করবে বিসিসিআই। পাশাপাশি ২০২৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ১০০ বছর পূর্তি হবে। ফলে সেই উপলক্ষ্যে এক বছরব্যাপী গোটা দেশ জুড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের শতবর্ষ উদযাপন করবে বিসিসিআই। ২০২৭ সালে ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে এই অনুষ্ঠান, ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতীয় ক্রিকেটের ইতিহাসকে স্মরণ করা হবে। শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হল। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হল আইপিএল গভর্নিং কাউন্সিলে জেনারেল বডি থেকে নতুন করে নির্বাচিত হলেন অরুণ সিং ধূমাল ও এম খইরুল জামাল মজুমদার । প্রসঙ্গত, দুজনই এর আগেও আইপিএল গভর্নিং কাউন্সিলে ছিলেন । আর একটি করে মেয়াদকাল পেলেন তাঁরা ।

এদিন বোর্ডের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের হিসেব পাশ হল গভর্নিং বডিতে। সেই সঙ্গে পরের মরশুমের জন্য, অর্থাৎ ২০২৬-২৭ মরশুমের জন্য প্রস্তাবিত বাজেটও গৃহীত হল । জাতীয় ক্রীড়া বিল নিয়েও বার্ষিক সভায় আলোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড কী চাইছে, তা নিয়ে জানতে চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ভারতীয় বোর্ডকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানাতে হবে। ভারতীয় বোর্ড যদিও ওড়িশা ক্রিকেট সংস্থার মামলায় আদালতে জানিয়েছে যে, ক্রিকেট ‘ডেজিগনেটেড স্পোর্ট’ নয়।
উল্লেখ্য এদিন বোর্ডের ৯৫ তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মিঠুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিত সাইকিয়া, প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ, প্রাক্তন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, সহ অন্যান্যরা।