বিজেপি শাসিত ভোপালের উজ্জয়িনীতে মোদীর জন্মদিন উপলক্ষে প্রদীপ জ্বলার পর অবশিষ্ট তেল সংগ্রহ শিশুদের, ভাইরাল ভিডিয়ো ঘিরে চর্চা!

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্যাপন হয়েছে। আর সেই উৎসব শেষ হতেই মাটির প্রদীপে পড়ে থাকা তেল সংগ্রহে ব্যস্ত অভাবী শিশু ও পরিবার। মধ্যপ্রদেশের একাধিক জায়গা থেকে ছড়িয়ে পড়া এমনই কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে নজর কেড়েছে। উৎসবের জাঁকজমকের পাশাপাশি আর্থিক অনটনের ছবিও ধরা পড়েছে ওই ভিডিয়োগুলিতে। কথায় আছে প্রদীপের তলায় অন্ধকার। এক্ষেত্রেও সেই ছবিই উঠে আসছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে উজ্জয়িনীর ক্ষিপ্রা নদীর তীরে প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের দাবি, সেখানে ৩৩ লক্ষ ২৭ হাজার ১২৫টি মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। বিজেপির ‘আশীর্বাদ কা দিয়া’ প্রচারের সঙ্গেও এই আয়োজন যুক্ত ছিল। ওই প্রচারে দেশবাসীকে নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছিল।
তবে সেই বিপুল আয়োজনের কয়েক দিন পরেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োগুলি অন্য একটি বাস্তবতা সামনে এনেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিছু শিশু এবং অভাবী পরিবারের সদস্যেরা মাটির প্রদীপগুলিতে পড়ে থাকা অবশিষ্ট তেল সংগ্রহ করছেন। প্লাস্টিকের বোতল হাতে তাঁরা এক প্রদীপ থেকে অন্য প্রদীপের কাছে গিয়ে তেল ঢেলে নিচ্ছেন। যতটুকু পাওয়া যাচ্ছে, তা-ই সংগ্রহ করছেন তাঁরা।
মধ্যপ্রদেশের দামোহ, জবলপুর-সহ বিভিন্ন জায়গা থেকে এমন ভিডিয়ো ছড়িয়েছে বলে জানা গিয়েছে। যদিও প্রতিটি ভিডিয়োর নির্দিষ্ট স্থান ও সময় যাচাই করা হয়নি।
এক দিকে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে উৎসবের আড়ম্বর, অন্য দিকে সেই প্রদীপের অবশিষ্ট তেল সংগ্রহ করে পেট ভরানোর তাগিদ—দুই বিপরীতধর্মী ছবি নিয়েই সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ভিডিয়োগুলি প্রকাশ্যে আসার পর উৎসবের আয়োজন, সম্পদের ব্যবহার এবং সমাজের আর্থিক বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
প্রদীপের আলোয় উদ্যাপনের ছবি যেমন মানুষের নজর কেড়েছিল, তেমনই উৎসব শেষে অবশিষ্ট তেল সংগ্রহের দৃশ্যও সামনে আনল সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম।