এক প্রশ্নে কতটা জল খরচ করে ChatGPT? কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্যে বাড়ছে জলের তৃষ্ণা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার যত বাড়ছে, ততই সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—ChatGPT-তে একটি প্রশ্ন করলেই কতটা জল খরচ হয়? এর নির্দিষ্ট উত্তর দিতে এখনও দ্বিধায় প্রযুক্তি সংস্থাগুলি। তবে গবেষক এবং সংস্থার প্রকাশিত তথ্য থেকে স্পষ্ট, AI পরিচালনার নেপথ্যে থাকা ডেটা সেন্টারগুলির জল ব্যবহারের পরিমাণ সামান্য নয়।
২০২৫ সালের মাঝামাঝি OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান জানান, ChatGPT-তে একটি প্রশ্নের গড় উত্তর দিতে প্রায় ০.৩৪ ওয়াট-ঘণ্টা বিদ্যুৎ এবং ০.৩৩ মিলিলিটার জল খরচ হয়। অর্থাৎ, এক চা-চামচ জলের প্রায় ১৫ ভাগের এক ভাগ। তবে এই হিসাব নিয়ে গবেষকদের বিভিন্ন অনুমান রয়েছে।
২০২৩ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক শাওলেই রেনের নেতৃত্বে প্রকাশিত ‘মেকিং এআই লেস থার্স্টি’ গবেষণাপত্রে দাবি করা হয়, GPT-3 মডেলের ১০ থেকে ৫০টি মাঝারি দৈর্ঘ্যের উত্তরের জন্য প্রায় ৫০০ মিলিলিটার জল খরচ হতে পারে। মডেল, স্থান, আবহাওয়া এবং শীতলীকরণ প্রযুক্তির পার্থক্যের কারণে এই পরিমাণে ব্যাপক তারতম্য দেখা যায়।
কেন জল লাগে AI-তে?
ডেটা সেন্টারে থাকা শক্তিশালী প্রসেসরগুলি বিপুল পরিমাণ তাপ উৎপন্ন করে। সেই তাপ নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রে কুলিং টাওয়ারে জল ব্যবহার করা হয়। জল বাষ্পীভূত হয়ে তাপ সরিয়ে দেয়। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও জল ব্যবহৃত হওয়ায় AI-এর জল খরচের একটি পরোক্ষ দিক রয়েছে। উষ্ণ ও আর্দ্র অঞ্চলে শীতলীকরণের জন্য তুলনামূলক বেশি জল প্রয়োজন হতে পারে।
একটি প্রশ্নের জল খরচ সামান্য মনে হলেও, কোটি কোটি প্রশ্নের সম্মিলিত প্রভাব বড়। মাইক্রোসফট ২০২২ সালে বিশ্ব জুড়ে প্রায় ৬৪০ কোটি লিটার জল ব্যবহারের কথা জানিয়েছিল। গুগলের ডেটা সেন্টারগুলিতে ২০২৩ সালে জল ব্যবহারের পরিমাণ ছিল ২,৩০০ কোটি লিটারের বেশি।
উদ্বেগ বাড়ছে ভারতে
জলসঙ্কটের মুখে থাকা ভারতের জন্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। নীতি আয়োগের ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, দেশের প্রায় ৬০ কোটি মানুষ জলসঙ্কটের মুখোমুখি। চেন্নাইয়ে ২০১৯ সালের জলসঙ্কট সেই বাস্তবতাই সামনে এনেছিল। অথচ মুম্বই ও চেন্নাইয়ের মতো শহরে ডেটা সেন্টার শিল্প দ্রুত বাড়ছে।
S&P Global-এর একটি বিশ্লেষণ অনুযায়ী, ভারতে ডেটা সেন্টারগুলির জল ব্যবহার ২০২৫ সালের প্রায় ১৫ হাজার কোটি লিটার থেকে ২০৩০ সালে ৩৫ হাজার ৮০০ কোটি লিটারে পৌঁছতে পারে।
জল খরচ কমাতে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা পুনর্ব্যবহৃত জল এবং জলবিহীন শীতলীকরণ প্রযুক্তির দিকে ঝুঁকছে। বিশেষজ্ঞদের মতে, AI ব্যবহারের পাশাপাশি ডেটা সেন্টারগুলির জল ব্যবহারে স্বচ্ছতা এবং পরিবেশগত নিয়ন্ত্রণও জরুরি। ডিজিটাল পরিষেবা অদৃশ্য হলেও তার পরিকাঠামোর পরিবেশগত মূল্য যে বাস্তব, ক্রমবর্ধমান জল ব্যবহার সেই কথাই মনে করিয়ে দিচ্ছে।