ক্রেডিট কার্ডের সুবিধার আড়ালে বড় বিপদ?

অনলাইনে কেনাকাটা হোক, রেস্তরাঁয় খাওয়া কিংবা জরুরি কোনও খরচ- ক্রেডিট কার্ড থাকলে মুহূর্তেই পেমেন্ট করা যায়। অনেক সময় কেনাকাটার পর ৪৫ থেকে ৫০ দিন পর্যন্ত সুদ ছাড়াই টাকা ফেরত দেওয়ার সুযোগও থাকে। কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে রয়েছে বড় বিপদ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো বিল না মেটালেই ক্রেডিট কার্ডের সুদ ও অন্যান্য চার্জের বোঝা বাড়তে শুরু করে। আর সেই সুদের হার অনেক ক্ষেত্রে বছরে ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে। অর্থাৎ, সামান্য অসতর্কতায় ক্রেডিট কার্ডের বিল কয়েক হাজার টাকা বেড়ে যেতে পারে। তাই কার্ড ব্যবহার করার আগে কোন কোন চার্জ সম্পর্কে জানা জরুরি, তা বুঝে নেওয়া দরকার।

প্রথমেই আসা যাক সুদের কথায়। ক্রেডিট কার্ডের বিল নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোটা না মেটালে বাকি টাকার উপর সুদ ধার্য হয়। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই সুদের হার আলাদা হলেও অনেক কার্ডে তা বছরে ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে। অর্থাৎ মাসে প্রায় ৩ থেকে ৪ শতাংশ। ধরা যাক, আপনার ক্রেডিট কার্ডে ১ লক্ষ টাকা বকেয়া রয়েছে। মাসিক সুদের হার যদি ৩ থেকে ৩.৭৫ শতাংশ হয়, তাহলে এক মাসেই সুদ দাঁড়াতে পারে ৩ হাজার থেকে ৩ হাজার ৭৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ১৮ শতাংশ GST। ফলে শুধু সুদ ও কর মিলিয়েই এক মাসে খরচ হতে পারে প্রায় ৩ হাজার ৫৪০ থেকে ৪ হাজার ৪২৫ টাকা। অর্থাৎ আসল বকেয়া তো থাকছেই, তার উপর বাড়ছে অতিরিক্ত খরচ।

এবার আসা যাক দ্বিতীয় বড় ফাঁদের কথায়- ক্রেডিট কার্ড থেকে ATM-এ নগদ টাকা তোলা। অনেকেই মনে করেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে ATM থেকে টাকা তুললেও সাধারণ কেনাকাটার মতোই সুদমুক্ত সময় পাওয়া যায়। কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ আলাদা। ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা তুললে সাধারণত ২.৫ থেকে ৩ শতাংশ পর্যন্ত ক্যাশ অ্যাডভান্স ফি দিতে হয়। শুধু তাই নয়, টাকা তোলার দিন থেকেই সুদ গুনতে শুরু করতে হয়। অনেক ক্ষেত্রে এই সুদের হার বছরে প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এমনকি নগদ টাকা তোলার কারণে কার্ডের সুদমুক্ত সময়ের সুবিধাও প্রভাবিত হতে পারে। ফলে নতুন কেনাকাটার ক্ষেত্রেও সুদ দিতে হতে পারে, যতক্ষণ না বকেয়া পুরোপুরি মেটানো হচ্ছে। তাই খুব জরুরি পরিস্থিতি না হলে ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা তোলা এড়িয়ে চলাই ভালো।

তৃতীয় বড় সমস্যা হল মিনিমাম অ্যামাউন্ট ডিউ। ক্রেডিট কার্ডের বিলে সাধারণত দুটি অঙ্ক থাকে- টোটাল অ্যামাউন্ট ডিউ এবং মিনিমাম অ্যামাউন্ট ডিউ। অনেকেই মনে করেন, শুধু ন্যূনতম টাকা জমা দিলেই দায় শেষ। কিন্তু সেটি ঠিক নয়। মিনিমাম অ্যামাউন্ট জমা দিলে সাধারণত বিলম্বে পেমেন্টের জরিমানা এড়ানো যেতে পারে। কিন্তু বাকি টাকার উপর সুদ চলতেই থাকে। তার উপর নতুন কেনাকাটার ক্ষেত্রেও সুদমুক্ত সময়ের সুবিধা হারাতে পারেন। ফলে সামান্য বকেয়া ধীরে ধীরে বড় ঋণের বোঝায় পরিণত হতে পারে। এ ছাড়াও রয়েছে একাধিক অতিরিক্ত চার্জ। নির্দিষ্ট সময়ে বিল না মেটালে লেট পেমেন্ট ফি, ক্রেডিট লিমিটের বেশি খরচ করলে ওভারলিমিট চার্জ, বিদেশে লেনদেন করলে ফরেন ট্রানজ্যাকশন ফি দিতে হতে পারে। কার্ড বদলানো বা রিওয়ার্ড পয়েন্ট ভাঙানোর ক্ষেত্রেও কিছু ব্যাঙ্ক আলাদা চার্জ নিতে পারে। তাই কার্ড নেওয়ার আগে ব্যাঙ্কের চার্জের তালিকা ভালো করে পড়ে নেওয়া জরুরি।

তাহলে কীভাবে ক্রেডিট কার্ডের খরচ নিয়ন্ত্রণে রাখবেন? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল, প্রতি মাসে পুরো স্টেটমেন্ট ব্যালান্স নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিন। শুধু মিনিমাম অ্যামাউন্ট নয়, সম্পূর্ণ বিল পরিশোধ করলেই সুদমুক্ত সময়ের সুবিধা বজায় রাখা সম্ভব। দ্বিতীয়ত, নিজের ক্রেডিট লিমিটের পুরোটা ব্যবহার করবেন না। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচ করুন। ক্রেডিট লিমিটের তুলনায় বকেয়া বেশি হয়ে গেলে ক্রেডিট স্কোরের উপরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তৃতীয়ত, বড় অঙ্কের বিল একবারে মেটানো সম্ভব না হলে ব্যাঙ্কের EMI কনভার্সনের সুযোগ সম্পর্কে জানতে পারেন। তবে EMI-তে সুদের হার, প্রসেসিং ফি এবং অন্যান্য শর্ত ভালো করে যাচাই করতে হবে। কিছু ক্ষেত্রে কম সুদের ব্যক্তিগত ঋণ নিয়ে ক্রেডিট কার্ডের বেশি সুদের বকেয়া মেটানো তুলনামূলক সাশ্রয়ী হতে পারে। তবে নতুন ঋণ নেওয়ার আগে মোট খরচের হিসাব অবশ্যই করে নিন।

সব মিলিয়ে, ক্রেডিট কার্ড নিজে কোনও খারাপ আর্থিক পণ্য নয়। বরং সঠিকভাবে ব্যবহার করলে কেনাকাটা, জরুরি খরচ এবং পেমেন্টের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। কিন্তু সময়মতো পুরো বিল না মেটানো, ATM থেকে নগদ টাকা তোলা কিংবা শুধু মিনিমাম ডিউ জমা দেওয়ার মতো ভুলেই বাড়তে পারে ঋণের বোঝা। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে মনে রাখুন- সুবিধা তখনই, যখন খরচের উপর নিয়ন্ত্রণ থাকবে।