আসানসোলের বিবি কলেজে পড়ুয়াদের মধ্যে হাতাহাতি

আসানসোলের বিবি কলেজে চরম উত্তেজনা। বহিরাগতদের মদতে অশান্তি

ছোটন সেনগুপ্ত নিজস্ব সংবাদদাতা:কলেজে অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান ঘিরেই আচমকা উত্তেজনা। আসানসোলের বিবি কলেজে পড়ুয়াদের মধ্যে হাতাহাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনার পিছনে বহিরাগতদের মদত ছিল। শুধু তাই নয়, দুই ছাত্রীর বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগও সামনে এসেছে। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। প্রিন্সিপালের বক্তব্য, কলেজের পড়ুয়া এবং বহিরাগতদের মধ্যে গন্ডগোল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে CCTV ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ফুটেজ দেখে মূল অভিযুক্ত পড়ুয়া এবং বহিরাগতদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এই ঘটনার পাশাপাশি সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়- কলেজে প্রবেশের জন্য আই-কার্ড নিয়ে বিতর্ক। নতুন সেমিস্টার শুরু হওয়ায় এখনও অনেক পড়ুয়ার হাতে নতুন আই-কার্ড পৌঁছয়নি। সেই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের দাবি, যাঁদের কাছে ডিজিটাল বা ফিজিক্যাল রসিদ রয়েছে, তাঁদের কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে। অর্থাৎ আই-কার্ড না থাকলেই যে কাউকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, এমনটা নয় বলেই দাবি কলেজ কর্তৃপক্ষের। কিন্তু অভিযোগ, এই সুযোগের পরেও কিছু পড়ুয়া নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে। এমনকী জোর করে নিরাপত্তারক্ষীদের ঠেলে কলেজে ঢোকার চেষ্টার অভিযোগও উঠেছে।

প্রশ্ন উঠছে, তাহলে কলেজের নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর করা হবে? প্রিন্সিপালের বক্তব্য, সাড়ে সাত থেকে আট হাজার পড়ুয়ার এই কলেজে মুষ্টিমেয় কয়েকজনের জন্য কোনওভাবেই সামগ্রিক পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না। তাই মঙ্গলবার থেকেই ক্যাম্পাসে আরও কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা গন্ডগোলে জড়িত ছিল, তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, পড়ুয়া হোক বা বহিরাগত- যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলবে, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এবং মূল অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

এই ঘটনার জেরে কলেজের অনুষ্ঠান এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে বহিরাগতদের প্রবেশ কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, নিরাপত্তারক্ষীদের ভূমিকা কতটা কার্যকর, এবং পড়ুয়াদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া কতটা শক্তিশালী- সেই বিষয়গুলিও এখন নজরে। অন্যদিকে, আই-কার্ড সংক্রান্ত বিভ্রান্তি যাতে আর না বাড়ে, সেদিকেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। নতুন সেমেস্টারের সময় পুরনো এবং নতুন পরিচয়পত্রের মধ্যবর্তী সময়ে পড়ুয়াদের প্রবেশের নিয়ম কী হবে, তা স্পষ্টভাবে জানানো এবং সেই নিয়ম মেনে চলা- দুই পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ।

কারণ কলেজ শুধু পড়াশোনার জায়গা নয়, নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাও তার অন্যতম দায়িত্ব। আর সেই পরিবেশে কোনওরকম বিশৃঙ্খলা তৈরি হলে তার প্রভাব পড়ে গোটা কলেজের উপরেই। তাই এখন নজর CCTV ফুটেজের দিকে। কারা ঘটনায় জড়িত ছিল? বহিরাগতদের ভূমিকা কতটা? এবং অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত কার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় কলেজ ও পুলিশ- সেই উত্তরই এখন খুঁজছে আসানসোলের বিবি কলেজ।