পাকিস্তানের পাশে দাঁড়ালেন না হরমনপ্রীতেরা

পোডিয়ামে ‘দেওয়াল’ শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : এশিয়ান গেমসে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে সোনা জিতেছে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে টানা দ্বিতীয় বার এশিয়াডের ক্রিকেটে সোনা পেলেন হরমনপ্রীত কউররা। তবে পুরস্কার দেওয়ার সময় ফের প্রকাশ্যে এল ভারত-পাকিস্তান ক্রিকেটের দূরত্ব। ব্রোঞ্জজয়ী পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ছবি তুললেও তাঁদের পাশে দাঁড়াতে দেখা গেল না ভারতীয় ক্রিকেটারদের।

জল্পনা ছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী মহসিন নকভি পদক দিতে পারেন। সে ক্ষেত্রে তাঁর হাত থেকে পদক নেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত নকভি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি। নিশিন শহরের মেয়র, পুলিশ সুপার-সহ কয়েক জন আধিকারিক ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেটারদের পদক পরিয়ে দেন।

প্রথমে পোডিয়ামে ওঠে পাকিস্তান। তার পর শ্রীলঙ্কা এবং শেষে ভারত। তিন দলের আলাদা আলাদা ছবি তোলার পর ক্যামেরাম্যানেরা একসঙ্গে দাঁড়ানোর অনুরোধ করেন। সেখানেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। নীচের সারিতে ভারতীয় ক্রিকেটারদের পাশে পাকিস্তানের খেলোয়াড়দের বসতে দেখা যায়নি। রাধা যাদব নিজের পাশে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারকে বসান। তাঁদের পর বসেন পাকিস্তানের ক্রিকেটারেরা। ফলে ভারত ও পাকিস্তানের মাঝে কার্যত ‘দেওয়াল’ হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার ক্রিকেটারেরা।

উপরের সারিতেও দূরত্ব বজায় রাখেন ভারতীয় ক্রিকেটারেরা। পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা হরমনপ্রীতের পাশে দাঁড়ালেও ভারতীয় অধিনায়ক নিজের সতীর্থের দিকে সরে গিয়ে কিছুটা দূরত্ব তৈরি করেন। ছবি তোলার সময় তিন দলের মুখেই হাসি থাকলেও পরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান ভারতীয়েরা। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি তাঁদের।

পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটে এই ‘হাত না মেলানো’র অবস্থান দেখা যাচ্ছে। ২০২৫ সালের এশিয়া কাপেও সূর্যকুমার যাদবদের একই অবস্থান নিতে দেখা গিয়েছিল।

এ দিকে ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ৩ উইকেটে ২১৬ রান করে। শেফালি বর্মা ৪৮, স্মৃতি মন্ধানা ৭৯ এবং রিচা ঘোষ অপরাজিত ৪৯ রান করেন। জবাবে শ্রীলঙ্কা ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়। দীপ্তি শর্মা নেন ৩ উইকেট।

এর আগে ব্রোঞ্জের ম্যাচে বাংলাদেশকে ৩১ রানে হারিয়েছিল পাকিস্তান। ফতিমা সানারা ১৪৫ রান করলেও বাংলাদেশ থামে ১১৪ রানে।