মার্কিন সেনার সঙ্গে যৌথ অভিযানে AH-64E!

মরুভূমি থেকে পাহাড়, মার্কিন সেনার সঙ্গে মহড়ায় ভারতীয় অ্যাপাচে হেলিকপ্টার

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : পাহাড়ি এলাকা থেকে মরুভূমি—বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের পরিবেশ, আর তার সঙ্গে বদলাচ্ছে সামরিক প্রশিক্ষণের ধরনও। ভারত-আমেরিকার যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’-এ এ বার বিশেষ গুরুত্ব পেল ভারতীয় সেনার AH-64E অ্যাপাচে আক্রমণকারী হেলিকপ্টার। মার্কিন সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ অভিযান এবং যুদ্ধক্ষেত্রে আকাশ ও স্থলবাহিনীর সমন্বয়ের অনুশীলন করছে এই হেলিকপ্টারগুলি।

মহড়ায় যৌথ ভাবে অভিযান পরিকল্পনা, যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও সমন্বয়, বিভিন্ন কৌশলগত গতিবিধি এবং নির্ভুল আঘাত হানার অনুশীলন করা হচ্ছে। স্থলবাহিনীর সঙ্গে অ্যাপাচে হেলিকপ্টারের সমন্বিত ব্যবহার কী ভাবে আরও কার্যকর করা যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে এই প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সেনার মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।

ভারতীয় সেনার অতিরিক্ত জনসংযোগ দফতর (ADG PI) সমাজমাধ্যমে জানিয়েছে, পাহাড় এবং মরুভূমি—দুই ধরনের ভূখণ্ডেই যৌথ প্রশিক্ষণ চলছে। ছোট আগ্নেয়াস্ত্রের ব্যবহার থেকে গোলন্দাজ বাহিনীর অভিযান, দূরপাল্লার অস্ত্র ব্যবস্থা এবং আক্রমণকারী হেলিকপ্টারের অপারেশন—সব ক্ষেত্রেই সমন্বিত মহড়া চালানো হচ্ছে।

সেনার তরফে বলা হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে অভিন্ন যুদ্ধপদ্ধতি, যোগাযোগ ব্যবস্থা এবং সমন্বয়ের দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে একসঙ্গে কাজ করার সক্ষমতা এবং পারস্পরিক আস্থা বাড়ানোই মহড়ার অন্যতম লক্ষ্য।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও জানিয়েছেন, ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’-এ দুই দেশের সেনা অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং মানববিহীন ব্যবস্থা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিচ্ছে।

এ বার ‘যুদ্ধ অভ্যাস’-এর ২২তম সংস্করণ। উত্তরাখণ্ডের আউলি ফরেন ট্রেনিং নোড এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ—দুই জায়গায় একই সঙ্গে চলছে মহড়া। ভারত ও আমেরিকার প্রায় ৬০০ জন করে সেনা সদস্য এতে অংশ নিয়েছেন।

পাহাড় থেকে মরুভূমি, স্থলবাহিনী থেকে আক্রমণকারী হেলিকপ্টার—বহুমাত্রিক এই প্রশিক্ষণ দুই দেশের সেনার যৌথ অভিযান পরিচালনার সক্ষমতাকে আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে।