জ্ঞানেশের বিরুদ্ধে সরব, জোড়া দাবি মমতার

‘জ্ঞানেশকে গ্রেফতার করতে হবে’, কমিশনের বিরুদ্ধে ফের সরব মমতা

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্কের আবহে ফের সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদনের উল্লেখ করে বুধবার নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। সিইসি-কে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবিও জানিয়েছেন মমতা। পাশাপাশি, সম্প্রতি হওয়া নির্বাচনগুলি বাতিল করে পুরনো ভোটার তালিকার ভিত্তিতে নতুন করে ভোট করানোর দাবি তুলেছেন তিনি।

বুধবার বিকেল ৪টেয় ফেসবুক লাইভে এসে মমতা বলেন, ‘‘এত বড় দুর্নীতি জীবনে দেখিনি। নৈতিকতার দিক থেকে ওঁর পদে থাকার অধিকার নেই।’’ এর পরেই তাঁর দাবি, ‘‘জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। ওঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে হবে।’’ কমিশনের সিদ্ধান্তে যাঁরা মদত দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

মমতার অভিযোগ, SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে এবং এর পরে ইভিএম নিয়েও কারচুপি হয়েছে। তাঁর দাবি, পুরনো ভোটার তালিকা ফিরিয়ে দিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নতুন করে নির্বাচন করাতে হবে।

কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্নার বিরুদ্ধেও অভিযোগ তোলেন মমতা। তাঁর দাবি, ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় সীমার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

মমতা আরও দাবি করেন, মোট ৯২ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, এর মধ্যে ৫৮ লক্ষ নাম প্রথমে ‘সিল’ করা হয়েছিল এবং পরে আরও নাম বাদ যায়। একই সঙ্গে আলিপুরে ইভিএম পোড়ানোর অভিযোগও তোলেন তিনি।

SIR-এর ব্যঙ্গাত্মক ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, এর অর্থ তাঁর কাছে ‘‘স্পেশ্যাল ইনসেনটিভস রুলিং পার্টি’’। তবে তাঁর এই মন্তব্য রাজনৈতিক অভিযোগ হিসাবেই সামনে এসেছে।

বিরোধীদের তরফে প্রধান বিচারপতির কাছে বিষয়টি জানানো এবং দেখা করার অনুমতি চাওয়া হয়েছিল বলেও দাবি করেন মমতা। বিচারব্যবস্থার উদ্দেশে তাঁর বার্তা, মানুষের যাতে বিচার মেলে, তা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে ঘিরে এই অভিযোগের আবহে বিরোধী শিবিরের সঙ্গে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল।