ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরে কেবিলের তারে ভয়াবহ আগুন, বড়সড় বিপদ থেকে রক্ষা। বারুইপুরে একটি অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানের সামনে ইলেকট্রিক তারের সঙ্গে জড়িয়ে থাকা কেবিলের তারে হঠাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ওই বস্ত্র প্রতিষ্ঠানের কর্মীরা। প্রতিষ্ঠানে থাকা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন তাঁরা। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড়সড় বিপদ এড়ানো যায়।পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে কি না তা নিশ্চিত করেন।স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে না আনা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারত। কারণ ঘটনাস্থলটি ছিল একটি বস্ত্র প্রতিষ্ঠানের সামনে এবং আশপাশে ছিল বৈদ্যুতিক তার ও কেবিল।তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।