বাংলায় ১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

নিউ টাউনে ৪ হাজার কোটির ‘আরোগ্য মন্দির’ গড়বেন আদানিরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার নিউ টাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি জানান, এই স্বাস্থ্য প্রকল্পে ৪ হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ করবে তাঁর গোষ্ঠী। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মোট ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রস্তাবিত ‘আদানি আরোগ্য মন্দির’ হবে ২,০০০ শয্যার একটি অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান। এর মধ্যে ১,০০০টি শয্যা অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির মানুষের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতাভুক্ত রোগীরা এই সুবিধা পাবেন। হাসপাতালের পাশাপাশি সেখানে তৈরি হবে মেডিক্যাল কলেজ এবং উন্নত গবেষণা ও চিকিৎসা পরিকাঠামো।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্ত্রী প্রীতি আদানি এবং ছেলে করণ আদানিকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন গৌতম। তিনি বলেন, ‘‘এই হাসপাতাল, কলেজ এবং গবেষণা কেন্দ্রে আমরা ৪ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করব।’’ তাঁর দাবি, এই প্রকল্প এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির হাত ধরে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১০ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে।

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর বৃহত্তর বিনিয়োগ পরিকল্পনার কথাও এ দিন জানান গৌতম। বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ উৎপাদন, রাস্তা, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং হাইপারস্কেল ডেটা সেন্টারের মতো একাধিক ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং পুনরুদ্ধারের কাজেও সহযোগিতার কথা ঘোষণা করেছে আদানি গোষ্ঠী। গৌতমের বক্তব্য, ভৌগোলিক অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের সামনে বড় সম্ভাবনা রয়েছে। দেশের শিল্পাঞ্চল, উত্তর-পূর্ব ভারত এবং বঙ্গোপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক ও লজিস্টিক সংযোগ হয়ে ওঠার ‘কাঠামোগত সুবিধা’ রয়েছে বাংলার। তাঁর কথায়, ‘‘স্বাস্থ্য ব্যক্তির জীবন বদলাতে পারে, আর পরিকাঠামো লক্ষ লক্ষ মানুষকে সুযোগ পাইয়ে দিতে পারে।’’