১০ মিটার এয়ার পিস্তলে কামালজিৎ-সুরুচির বাজিমাত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : এশিয়ান গেমসে শুটিংয়ে আবারও সাফল্যের ঝলক। শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন ভারতের কমলজিৎ এবং সুরুচি সিং। একই দিনে পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে রুপো জিতেছে ভারতের দল। ফলে শুটিংয়ে আরও এক বার পদকের ঝুলি ভরল ভারতের।
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে কামালজিৎ-সুরুচি জুটি ফাইনালে মোট ৪৮৪.৬ পয়েন্ট সংগ্রহ করে সোনা নিশ্চিত করেন। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার সুহিয়ন হং ও গেউন চু জুটি পেয়েছে ৪৭৮.০ পয়েন্ট। অর্থাৎ ভারতীয় জুটির থেকে ৬.৬ পয়েন্ট পিছিয়ে ছিল কোরিয়া। ইরান পেয়েছে ব্রোঞ্জ।
এর আগে যোগ্যতা অর্জন পর্বেও দাপট দেখিয়েছিলেন কমলজিৎ ও সুরুচি। প্রথম সিরিজে ১৯৬ পয়েন্ট করার পর দ্বিতীয় সিরিজে ১৯৫ পয়েন্ট নিয়ে তাঁদের মোট স্কোর দাঁড়ায় ৩৯১। শেষ সিরিজে আরও ১৯৬ পয়েন্ট যোগ করে ৫৮৭-তে শেষ করেন তাঁরা। যোগ্যতা পর্বে শীর্ষে থেকেই ফাইনালে উঠেছিলেন ভারতীয় জুটি।
এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ব্যক্তিগত ইভেন্টে হতাশ করেছিলেন দু’জনেই। কমলজিৎ ব্যক্তিগত যোগ্যতা পর্বে নবম এবং সুরুচি ২৬তম স্থানে শেষ করে ফাইনালে উঠতে পারেননি। পুরুষ ও মহিলা দলগত ইভেন্টেও পদক আসেনি। ফলে ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের শেষ সুযোগটিই কাজে লাগালেন কমলজিৎ-সুরুচি।
এ দিন ৫০ মিটার রাইফেল ৩ পজিশন দলগত ইভেন্টেও রুপো পেয়েছে ভারত। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, রুদ্রাংশ পাটিল এবং নীরজ কুমারের দল মোট ১৭৬২ পয়েন্ট সংগ্রহ করে। ১৭৬৬ পয়েন্ট নিয়ে সোনা জেতে চিন। দক্ষিণ কোরিয়া ১৭৫১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে।
ব্যক্তিগত ফাইনালেও উঠেছিলেন ঐশ্বর্য ও নীরজ। তবে সেখানে পদক আসেনি। ঐশ্বর্য ৩২৭.৬ পয়েন্ট নিয়ে পঞ্চম এবং নীরজ অষ্টম স্থানে শেষ করেন। চিনের ইউকুন লিউ ৩৬০.৫ পয়েন্ট নিয়ে সোনা জেতেন এবং গড়েন গেমস রেকর্ড। রুপো পান চিনেরই ঝাং চ্যাংহং। কাজাখস্তানের ইসলাম সাতপায়েভ জেতেন ব্রোঞ্জ।