জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাস্তায় কংগ্রেস

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতায় প্রদেশ কংগ্রেসের মিছিল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতায় মিছিল করল প্রদেশ কংগ্রেস। শুক্রবার কলেজ স্ট্রিট থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হলেও বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের তরফে মিছিল আটকে দেওয়া হয়। পুলিশের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব।

গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে যে অভিযোগ এবং বিতর্ক সামনে এসেছে, তার প্রতিবাদেই দেশজুড়ে কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। কলকাতাতেও সেই কর্মসূচির অংশ হিসেবে পথে নামে প্রদেশ কংগ্রেস। বিক্ষোভ চলাকালীন জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।

কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। দলের দাবি, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদের ভোটাধিকার ক্ষুণ্ণ করার প্রক্রিয়ায় ভূমিকা পালন করছে।

কংগ্রেসের আরও অভিযোগ, ফর্ম ৬-এর মাধ্যমে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াকে জটিল করে তরুণ ও Gen Z ভোটারদের একটি অংশকে ভোটার তালিকার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ এবং SIR-কে ঘিরে বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেছে দলটি।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী-সহ দলের একাধিক নেতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও তুলেছে কংগ্রেস। সংসদীয় স্তরে তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু করার দাবিও জানিয়েছে দল।

এই অভিযোগগুলিকে সামনে রেখেই দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। কলকাতার মিছিলেও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দলের রাজ্য পর্যবেক্ষক প্রকাশ জোশি। পুলিশের তরফে মিছিল আটকে দেওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি, মিছিল আটকে আন্দোলন থামানো যাবে না। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার কর্মসূচি নেওয়া হবে। এর আগে বিধানসভা নির্বাচনের আগে SIR-এর বিরোধিতাতেও কলকাতায় মিছিল ও বিক্ষোভ করেছিল প্রদেশ কংগ্রেস।