নীল বালতি দুর্নীতি, পুলিশি হানা!

হাওড়া কর্পোরেশনের নির্মল বাংলা প্রকল্পের প্রায় ১০ হাজারেরও বেশি বালতি উদ্ধার।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের নির্মল বাংলার ১০ হাজার বালতি উদ্ধার! তেলকল ঘাটের গোডাউনে হানা পুলিশের।

প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। হাওড়া কর্পোরেশনের নির্মল বাংলা প্রকল্পের প্রায় ১০ হাজারেরও বেশি বালতি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়।

হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে এলাকার মানুষকে বজ্র পদার্থ ফেলার জন্য যে নীল ও সবুজ বালতি দেওয়া হয়েছিল, সেই বালতিই অবৈধভাবে মজুত ছিল হাওড়ার তেলকল ঘাটের একটি গোডাউনে। বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে ছাপা মারে হাওড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই গোডাউন থেকে প্রায় দশ হাজারেরও বেশি বালতি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গোডাউনের মালিকের নাম অশোক আগরওয়াল এবং ম্যানেজার সুরেন্দ্র সিং। জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজার সুরেন্দ্র সিংকে হাওড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শৈলেশ রায়ের আমলে এই বালতিগুলি বিলির জন্য এসেছিল, কিন্তু ক্ষমতা পরিবর্তনের পরেও তিনি এই বালতিগুলি কর্পোরেশনে জমা করেননি।

সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, এই বালতিগুলির গায়ে থাকা নির্মল বাংলার লোগো ও লেখা মুছে বাজারে পুনরায় বিক্রি করার পরিকল্পনা ছিল। এই অভিযোগ তুলেছেন শাসকদলেরই এক কর্মী, অম্বুজ শর্মা।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। এই বালতি কাণ্ডে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।