হুগলিতে হামলার মুখে কুণাল!

কুণাল ঘোষের গাড়িতে ডিম-পাথর, ‘গো ব্যাক’ স্লোগান, ফিরে গেলেন কলকাতায়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ফের ডিম-পাথর হামলার অভিযোগ তৃণমূল নেতার গাড়িতে। শনিবার হুগলিতে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবিরের বিধায়ক কুণাল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল এক দল মানুষ। অভিযোগ, গাড়িতে ডিম এবং পাথর ছোড়ার পাশাপাশি ‘কুণাল ঘোষ গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। হামলায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায় বলে জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, কুণাল গাড়ির ভিতরে বসে রয়েছেন। বাইরে থাকা কয়েক জন গাড়ির দিকে ডিম ছুড়ছেন, কেউ আবার পাথর ছোড়ার পাশাপাশি গাড়িতে ধাক্কা দিচ্ছেন। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় ‘কুণাল ঘোষ গো ব্যাক’ স্লোগান।

গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সভায় না গিয়ে কলকাতার দিকে ফিরে আসেন কুণাল। ঘটনার পরে তিনি বলেন, ‘‘এটা জঙ্গলরাজ। পাথর এবং ডিম ছুড়ে আমার গাড়িতে হামলা করা হয়েছে। রাস্তা আটকে দেওয়া হয়েছিল। সেখানে কোনও পুলিশকর্মী ছিলেন না। আমি কলকাতায় ফিরে যাচ্ছি। লালবাজার বা ভবানী ভবনে গিয়ে অভিযোগ জানাব।’’

ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, শ্রীরামপুরের সভায় মানুষ যাতে যোগ দিতে না পারেন, সে জন্য পুলিশও তাঁদের কর্মীদের বাধা দিচ্ছে। ঘটনাটিকে সাধারণ মানুষের বিক্ষোভ নয়, পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন তৃণমূল নেতা অসিত মজুমদার। তাঁর অভিযোগ, এর নেপথ্যে বিজেপি রয়েছে।

অন্য দিকে, বিজেপির উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী ঘটনাটিকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলে দাবি করেছেন।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতাদের বিরুদ্ধে একাধিক বিক্ষোভে ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পিত ভাবে এই ধরনের হামলা করছে। বিজেপির পাল্টা দাবি, এগুলি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

চলতি মাসেই নদিয়ার তেহট্টে দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধেও ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল। ডিম হামলার একাধিক ঘটনায় আগেও হস্তক্ষেপ করেছে কলকাতা হাই কোর্ট। ডিম ছোড়ার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বও। তা সত্বেও কেন এধরণের ঘটনা আটকানো যাচ্ছে না, সেটাই বড় প্রশ্ন।