কপিলমুনির আশ্রমে নীতিন নবীন

গঙ্গাসাগর নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তিনি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগরে জাতীয় মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সোমবার গঙ্গাসাগরে সাগরস্নান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গঙ্গা দশহরা, গঙ্গা যাত্রা এবং জাতীয় মেলার মতো আয়োজনের সঙ্গে গঙ্গাসাগরের বিশেষ যোগ রয়েছে। তাই এই পুণ্যভূমিতেও এমন আয়োজন করার ইচ্ছা রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের যে সেবা করার সুযোগ দিয়েছেন, তা পূরণ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের সমস্ত নেতারা একসঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি।


সোমবার সকালে গঙ্গাসাগরে পৌঁছে প্রথমে সাগরস্নান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর কপিলমুনির আশ্রমে গিয়ে পুজো দেন তিনি। তাঁর সফরকে কেন্দ্র করে গঙ্গাসাগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আশ্রম চত্বর ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বাড়ানো হয় পুলিশি নজরদারি। ভক্ত ও দর্শনার্থীদের চলাচলের উপরও কড়া নজর রাখা হয়। নীতিন নবীনের সফর ঘিরে প্রশাসনের তরফে একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। গঙ্গাসাগরে যাওয়ার পথে এবং আশ্রম সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়।

এদিন নীতিন নবীনের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। গঙ্গাসাগরের তটে গঙ্গা যাত্রা ও জাতীয় মেলা আয়োজনের ভাবনা প্রকাশ্যে আসাটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।