পিতার স্মৃতিতে “এক টাকার স্বাস্থ্যতরী” চালু করলেন ছেলে, অভিনব উদ্যোগ সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের সংগ্রামপুর কাঁঠালবেড়িয়ায় সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং পুত্র শ্রীকান্ত বধূকের ব্যক্তিগত প্রচেষ্টায় চালু হলো এক অভিনব ও মানবিক স্বাস্থ্য পরিষেবা “এক টাকার স্বাস্থ্যতরী”। প্রয়াত পিতা হরিহর বধূকের স্মৃতিকে অমলিন করে রাখতেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা
প্রজেক্টের মূল বৈশিষ্ট্য ও সুবিধাসমূহঃ
১)মাত্র ১ টাকায় চিকিৎসা: মাত্র ১ টাকার বিনিময়ে সাধারণ মানুষ পাবেন চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা।
২)বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ: স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা এবং প্রাথমিক ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে।
৩)অপারেশন সহায়তা: জটিল রোগীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হাসপাতালে অপারেশনের বিশেষ ব্যবস্থা বা সহায়তা প্রদান করবে এই ট্রাস্ট।
৪)উন্মুক্ত পরিষেবা: এটি কোনও নির্দিষ্ট শ্রেণির জন্য সীমাবদ্ধ নয়; জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষ এই সুবিধা পাবেন।
স্থান ও পরিচালনা ব্যবস্থা
সংগ্রামপুরের কাঁঠালবেড়িয়ায় এই প্রকল্পের প্রথম স্থায়ী চেম্বারের সূচনা করা হয়েছে যার প্রধান উদ্যোক্তা সুভাষচন্দ্র হালদার। যিনি পুরো উদ্যোগের মূল সমন্বয় ও পরিচালনা করছেন। এছারাও ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগ্রামপুরের সাফল্যের পর আগামী দিনে অন্যান্য গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকাতেও “এক টাকার স্বাস্থ্যতরী”-র নতুন নতুন চেম্বার চালু করা হবে।
পুত্র শ্রীকান্ত বধূকের বক্তব্য “বাবাকে আমি এভাবেই সকলের মাঝে বাঁচিয়ে রাখতে চাই। সেবার মাধ্যমে মানুষের মধ্যে বাবার স্মৃতি অমর হয়ে থাকুক, এটাই আমার ইচ্ছা। ট্রাস্টের সমস্ত সদস্যের নিরলস সহযোগিতা ছাড়া এই প্রজেক্ট চালু করা সম্ভব হতো না।” বর্তমান আকাশছোঁয়া চিকিৎসার খরচের যুগে মাত্র এক টাকায় ডাক্তার দেখানো, ওষুধ ও রক্ত পরীক্ষার মতো সুবিধা পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। এলাকার গ্রামবাসী ও উপকারভোগীরা ট্রাস্টের এই পদক্ষেপকে অবিশ্বাস্য ও বিরল দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করে ট্রাস্টের সকল সদস্যকে সাধুবাদ জানিয়েছেন।